মাগুরা প্রতিনিধি
মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট (২০২৬-২৭)-এর বিভাগীয় পর্যায়ের খেলা শুরু হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে মাগুরা জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পৃষ্ঠপোষকতায় ও মাগুরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি রুবায়েত হোসেন।
জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক তরুণ ক্রিকেটারদের খেলাধুলার মাধ্যমে নিজেদের প্রতিভা বিকাশের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, সদস্য কুতুব উদ্দিন ও আমিনুর রহমান খান পিকুল, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুর রহিমসহ ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা ও চুয়াডাঙ্গা জেলা দল। ছয় দিনব্যাপী এই প্রতিযোগিতা আগামী ১ ডিসেম্বর শেষ হবে।