খুলনা অফিস
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের একটি প্রস্তুতি ম্যাচ ও পরিচিতি পর্ব সোমবার খুলনা বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালক শফিকুল আলম তুহিন এবং বিসিবি কাউন্সিলর চৌধুরী শফিকুল ইসলাম হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিসিবি পরিচালক সম্পূর্ণ ভেন্যু পরিদর্শন করে স্টেডিয়ামটিতে ম্যাচ পরিচালনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন। তিনি স্টেডিয়ামের উন্নয়নে তার পরিকল্পনার কথা তুলে ধরেন। পরিদর্শনকালে খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামের সহকারী ম্যানেজার (গ্রাউন্ডস) শহিদুল ইসলাম, ভেন্যু ম্যানেজার আল আমিন ও ভেন্যু কো-অর্ডিনেটর মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে সম্ভাবনাময় ক্রিকেটারদের বাছাই ও প্রশিক্ষণের জন্য খুলনায় ৪৫ জন ক্রিকেটারকে নিয়ে একটি প্রস্তুতি ক্যাম্পের আয়োজন করেছে। গত ১৫ জুন থেকে শুরু হওয়া এই ক্যাম্পটি ২৭ জুন পর্যন্ত চলবে।
ক্যাম্প চলাকালে ক্রিকেটাররা নিজেদের মধ্যে বিভক্ত হয়ে ছয়টি একদিনের ম্যাচ খেলবেন। সোমবার চতুর্থ ম্যাচ শেষ হয়েছে। আগামী ২৪ তারিখ পঞ্চম এবং ২৭ তারিখ শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।
সদ্য সমাপ্ত যুব বিশ্বকাপের পর প্রধান কোচ নাভিদ নেওয়াজের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ক্যাম্পের ক্রিকেটারদের কারিগরি দিক ও শারীরিক ফিটনেস দেখভাল করছেন সহকারী কোচ ডলার মাহমুদ, মোহাম্মদ সেলিম এবং আরশাদ খান।
পাশাপাশি খুব শিগগিরই নতুন প্রধান কোচ হান্নান সরকার এবং মেন্টর মাহমুদউল্লাহ রিয়াদ আনুষ্ঠানিকভাবে দলের দায়িত্ব বুঝে নেবেন।