রিপন অটোস জুনিয়র বিশ্বকাপ ২০২৬
স্টাফ রিপোর্টার
, যশোর
রিপন অটোস জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বের শেষদিকের পাঁচটি ম্যাচ বুধবার অনুষ্ঠিত হয়েছে। শহরের আরএন রোড ক্রীড়া চক্রের মাঠে এদিন প্রতিটি ম্যাচই ছিল রোমাঞ্চে ঠাসা।
একদিকে যেমন দেখা গেছে সৌদি আরব ও নরওয়ের দাপুটে জয়, অন্যদিকে জার্মানি-মরক্কোর গোল উৎসবের ড্র কিংবা আর্জেন্টিনা-মিশরের পয়েন্ট ভাগাভাগি টুর্নামেন্টের সমীকরণকে আরও জমজমাট করে তুলেছে।
দিনের অন্যতম হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল সৌদি আরব ও ইরান। ডি-গ্রুপের এই ম্যাচে ইরানকে ১-০ গোলে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট পকেটে পুরেছে সৌদি আরব। ম্যাচের শুরু থেকেই দুই দল রক্ষণভাগে বাড়তি জোর দেয়। তবে দ্বিতীয়ার্ধে চমৎকার এক আক্রমণের সুবাদে ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি পায় সৌদি আরব। শেষ বাঁশি বাজা পর্যন্ত ইরান শত চেষ্টা করেও সৌদির ডিফেন্স ভাঙতে পারেনি।
এ-গ্রুপের ম্যাচে বড় চমক দেখিয়েছে মিশর। টুর্নামেন্টের অন্যতম ফেবারিট আর্জেন্টিনার বিপক্ষে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে তারা। ম্যাচের প্রথমার্ধেই আক্রমণাত্মক ফুটবল খেলে এগিয়ে যায় আর্জেন্টিনার খুদে খেলোয়াড়রা। তবে বিরতির পর খেই হারিয়ে ফেলে। এই সুযোগে চমৎকার এক গোল করে সমতায় ফেরে মিশর। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রয়ে পয়েন্ট ভাগ করেই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকেই।
নেদারল্যান্ডসের ডিফেন্স গুঁড়িয়ে দিয়েছে নরওয়ে। মাঠের লড়াইয়ে ২-০ গোলে হারিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে নরওয়ে। ম্যাচের দুই অর্ধে দুটি দর্শনীয় গোল করে ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রাখে খুদে খেলোয়ারা। নেদারল্যান্ডস বেশ কয়েকটি নিশ্চিত সুযোগ পেলেও জালের দেখা পায়নি।
উরুগুয়ে ও পর্তুগালের ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলের নাটকীয় ড্রয়ে। দুই দলই ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে লড়লেও শেষ পর্যন্ত সমতাতেই সন্তুষ্ট থেকে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে।
দিনের সবচেয়ে শ্বাসরুদ্ধকর এবং রোমাঞ্চকর ম্যাচটি উপহার দিয়েছে মরক্কো ও জার্মানি। বি-গ্রুপের এই খেলায় দুই দলই মেতে উঠেছিল গোল উৎসবে। নির্ধারিত ৪০ মিনিটের ম্যাচটি শেষ হয়েছে ৩-৩ গোলের সমতায়। জার্মানি আক্রমণ করলে প্রতিবারই পাল্টা আক্রমণে মরক্কো সমতায় ফেরে।