রিপন অটোস জুনিয়র বিশ্বকাপ
স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর শহরের আরএন রোড ক্রীড়াচক্র মাঠে অনুষ্ঠিত ‘রিপন অটোস জুনিয়র বিশ্বকাপ ২০২৬’-এর সেমিফাইনাল পর্বের খেলা শেষ হয়েছে।
মাঠের জমজমাট ও গোলবন্যা ছড়ানো দুই লড়াই শেষে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা ও উরুগুয়ে।
অন্যদিকে, সেমিফাইনালে এসে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশ ও মরক্কোর খুদে খেলোয়াড়দের।
শুক্রবার প্রথম সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল টুর্নামেন্টের অন্যতম ফেভারিট আর্জেন্টিনা এবং বাংলাদেশ। পুরো ম্যাচজুড়ে আক্রমণ আর প্রতি-আক্রমণের পসরা সাজিয়ে বসেন দুই দলের স্ট্রাইকাররা। তবে, শেষপর্যন্ত আর্জেন্টিনার আক্রমণভাগের তীব্র গতির সামনে ভেঙে পড়ে বাংলাদেশের রক্ষণভাগ।
গোলবন্যার এই হাইভোল্টেজ ম্যাচে বাংলাদেশকে ৭-৩ গোলের বড় ব্যবধানে পরাজিত করে প্রথম দল হিসেবে ফাইনালে পা রাখে আর্জেন্টিনা। বাংলাদেশ লড়াকু ফুটবল খেললেও আর্জেন্টিনার ফিনিশিংয়ের কাছে পরাস্ত হতে হয় তাদের।
দিনের অন্য এক চরম উত্তেজনাপূর্ণ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল মরক্কো ও উরুগুয়ে। ম্যাচের শুরু থেকে শেষ বাঁশি বাজা পর্যন্ত দুই দলের লড়াই ছিল দেখার মতো। কেউ কাউকে এক চুল ছাড় দিতে রাজি ছিল না। শেষ মুহূর্তের নাটকীয়তায় মরক্কোকে ৪-৩ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট লুফে নেয় উরুগুয়ে। মরক্কো তিনটি গোল শোধ করলেও উরুগুয়ের পরিকল্পিত আক্রমণের কাছে শেষপর্যন্ত হার মানতে হয় তাদের।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্টের এই জমকালো আসরের শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচটি শনিবার একই মাঠে অনুষ্ঠিত হবে। যেখানে ট্রফির লড়াইয়ে মাঠ কাঁপাবে আর্জেন্টিনা ও উরুগুয়ে।