সম্পাদকীয়
ধর্মীয় বিষয়ে লেখালেখিতে সংযত হওয়া দরকার
সাতক্ষীরার দেবহাটায় ধর্মীয় অনুভূতিতে আঘাত ও কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামে এক ব্যক্তিকে সংঘবদ্ধভাবে মারধরের পর মৃত্যুর ঘটনা গভীর উদ্বেগজনক। অভিযোগের সত্যতা যাচাই ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই মানুষকে এভাবে পিটিয়ে মারা কোনো সভ্য দেশে নিতান্তই অনাকাঙ্ক্ষিত। এটি একটি ফৌজদারি অপরাধ। এই ঘটনা একটি পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি তো বটেই আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিচারব্যবস্থার প্রতি আস্থা এবং সামাজিক সহনশীলতা নিয়েও গুরুতর প্রশ্ন তোলার সুযোগ করে দিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শামীমের কয়েকটি অডিও কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ওই অডিওতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে—এমন মন্তব্য রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। এই অভিযোগকে কেন্দ্র করে প্রথমে তার বাড়িতে লোকজনের উপস্থিতি এবং পরে চিকিৎসাকেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার ওপর হামলার ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য অনুযায়ী, দ্বিতীয় দফায়ও হামলার শিকার হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
ঘটনাটির সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, মারপিটের শিকার ব্যক্তি চিকিৎসাকেন্দ্রেও নিরাপদ থাকতে পারেননি। চিকিৎসা পাওয়ার অধিকার প্রতিটি মানুষের। কোনো অভিযোগের কারণে কাউকে চিকিৎসাকেন্দ্রে গিয়ে মারধর করা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ধার করার পরও তার ওপর পুনরায় হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্র মানুষের জীবন রক্ষার জায়গা; সেগুলো প্রতিশোধ গ্রহণের ক্ষেত্র হয়ে উঠলে সমাজের মানবিক ভিত্তিই দুর্বল হয়ে পড়ে।
ধর্ম মানুষের বিশ্বাস, মূল্যবোধ ও আত্মিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ। ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে—এমন বক্তব্য মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি করতে পারে। ফলে বক্তব্য প্রদানকারীকে অবশ্যই এই বিষয়ে সচেতন থাকতে হবে। তবে কোনো বক্তব্য আপত্তিকর, অবমাননাকর কিংবা আইনত দণ্ডনীয় কি না, তা নির্ধারণের দায়িত্ব ব্যক্তি বা উত্তেজিত জনতার নয়; বরং যথাযথ তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। অভিযোগের ভিত্তিতে কাউকে শাস্তি দেওয়ার অধিকার জনতা হাতে তুলে নিলে আইনের শাসন অর্থহীন হয়ে পড়ে।
এ ধরনের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমের ভূমিকাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। কোনো অডিও, ভিডিও বা বক্তব্যের আংশিক অংশ ছড়িয়ে পড়লে তার সত্যতা, প্রেক্ষাপট ও সম্পূর্ণতা যাচাই না করেই অনেক সময় মানুষ উত্তেজিত হয়ে ওঠে। গুজব, উসকানি ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচার পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলতে পারে। তাই নাগরিকদের দায়িত্বশীল আচরণ, তথ্য যাচাই এবং উত্তেজনা ছড়ায় এমন কনটেন্ট প্রচার থেকে বিরত থাকা জরুরি। একই সঙ্গে উসকানিমূলক প্রচার বা সহিংসতায় প্ররোচনার অভিযোগ থাকলে তারও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।
এই ঘটনার ক্ষেত্রে পুলিশের ভূমিকা এবং চিকিৎসাকেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতাও খতিয়ে দেখা প্রয়োজন। পুলিশ শামীমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পরও কীভাবে দ্বিতীয় দফায় হামলার ঘটনা ঘটলো, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নির্ধারণ করতে হবে। নিরাপত্তার ঘাটতি, দায়িত্বে অবহেলা কিংবা হামলায় জড়িত ব্যক্তিদের ভূমিকা প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নিহত ব্যক্তির মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ এবং প্রাসঙ্গিক অডিও-ভিডিওসহ অন্যান্য আলামত সংরক্ষণ করা জরুরি।
শামীমের বিরুদ্ধে অভিযোগ সত্য হোক বা মিথ্যা—কোনো অবস্থাতেই গণপিটুনি গ্রহণযোগ্য নয়। ন্যায়বিচারের বিকল্প প্রতিশোধ নয়, আইন। ধর্মীয় মূল্যবোধ রক্ষা করতে গিয়ে মানবিকতা ও ন্যায়বিচার বিসর্জন দেওয়া কোনোভাবেই কাম্য নয়।
এখন প্রয়োজন ঘটনার সুষ্ঠু ও স্বচ্ছ তদন্ত, দায়ীদের বিচারের আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ। একই সঙ্গে ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান, মতপ্রকাশে দায়িত্বশীলতা এবং আইনের প্রতি শ্রদ্ধাবোধ জোরদার করতে হবে। রাষ্ট্রের দায়িত্ব প্রত্যেক নাগরিকের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা। অভিযোগের বিচার হবে আদালতে, জনতার হাতে নয়—এই নীতির বাস্তব প্রয়োগই পারে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এবং সমাজে আইনের শাসন ও পারস্পরিক সহনশীলতা প্রতিষ্ঠা করতে।