সম্পাদকীয়
যশোরের দুটি আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা নিছক আইনশৃঙ্খলার অবনতির ইঙ্গিত নয়, বরং রাষ্ট্রের বিচারব্যবস্থা ও জননিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি। বৃহস্পতিবার রাতে জেলা ও দায়রা জজ আদালতের ফটকের সামনে এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের পেছনে পৃথক স্থানে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে নয়জনকে। মামলায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
আদালত হচ্ছে রাষ্ট্রে ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রধান প্রতিষ্ঠান। বিচারপ্রার্থী, আইনজীবী, বিচারক, কর্মকর্তা-কর্মচারীসহ প্রতিদিন অসংখ্য মানুষের পদচারণায় মুখর থাকে আদালত প্রাঙ্গণ। এমন একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থানে বোমা বিস্ফোরণের ঘটনা স্বাভাবিকভাবেই জনমনে আতঙ্ক সৃষ্টি করে। একই সঙ্গে এটি আদালতের নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছে। যারা এ ধরনের নাশকতার সঙ্গে জড়িত, তাদের উদ্দেশ্য যা-ই হোক, এ কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
ঘটনার পর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নয়জনকে আটক করেছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দাবি, আটক ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য। তবে রাজনৈতিক পরিচয় বা পুলিশের বক্তব্যের ভিত্তিতে কাউকে অপরাধী হিসেবে চিহ্নিত করা যায় না। আটক ব্যক্তিরা আওয়ামী লীগের সদস্য বলেই তারা যে ককটেল নিক্ষেপে জড়িত—এমন সরল সমীকরণ প্রত্যাশিত নয়। মামলার আসামি হওয়া আর অপরাধ প্রমাণিত হওয়া এক বিষয় নয়। তদন্তের মাধ্যমে প্রত্যেকের সংশ্লিষ্টতা নিরপেক্ষভাবে যাচাই করতে হবে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন রাজনৈতিক পরিচয় কিংবা ব্যক্তিগত বিরোধের কারণে হয়রানির শিকার না হন, সেটিও নিশ্চিত করা জরুরি।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিস্ফোরণে ব্যবহৃত উপকরণ, ঘটনাস্থলের আলামত, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং সম্ভাব্য সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে হবে। একই সঙ্গে নাশকতার পরিকল্পনাকারী, অর্থের জোগানদাতা ও সহযোগীদেরও আইনের আওতায় আনতে হবে। তদন্তের নামে যেন কোনো নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হন, সেদিকেও সতর্ক থাকতে হবে।
পুলিশ ইতোমধ্যে যশোর শহরের নিরাপত্তা জোরদার করেছে, বিভিন্ন মোড়ে চেকপোস্ট বসিয়েছে এবং যানবাহনে তল্লাশি চালাচ্ছে। এটি তাৎক্ষণিক পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ। তবে জনমনে প্রশ্ন ওঠে—কেবল ঘটনার পর নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয় কেন? কেউ নাশকতামূলক ঘটনা যাতে ঘটাতে না পারে, আগেভাগে সেই উদ্যোগ দেখা যায় না কেন? আদালত, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনসমাগমপূর্ণ এলাকায় নিয়মিত নিরাপত্তা তদারকি, প্রবেশপথে নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানো এখন সময়ের দাবি।
আমরা মনে করি, রাজনৈতিক অস্থিরতা কিংবা কোনো গোষ্ঠীর স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসেবে সহিংসতা ও বোমাবাজির মতো পথ বেছে নেওয়া খুবই অন্যায়। এভাবে কোনো দলের জনপ্রিয়তা বাড়ানো যায় না, বিদেশে পলাতক নেত্রীকে দেশে আসার সুযোগ তৈরিও করে দেওয়া যাবে না।
যশোরের আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। বিচারালয় যদি নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশাও হুমকির মুখে পড়ে। আদালতের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠারও অপরিহার্য শর্ত—একথা ভুললে মস্ত ক্ষতি হবে।