পার্থিব আহসান
একসময় ভোরের শহরটার ঘুম ভাঙতো কাকের ডাকে। ছাদের কার্নিশ, বিদ্যুতের তার কিংবা বাড়ির পাশের ডাস্টবিনে কাকের দেখা মিলতো। তাদের কর্কশ ডাক ছিল শহরের নিত্যদিনের চিরচেনা দৃশ্য। গ্রীষ্মের ছুটিতে দুপুরবেলা জানালার পাশে বসে থাকা কিংবা একটু ঘুমানোর চেষ্টার মাঝেই হুট করে ভেসে আসতো সেই পরিচিত ‘কা কা’ ডাক। তখন হয়তো বিরক্ত লাগতো, মাঝেমধ্যে ঘুমও ভেঙে যেত। কিন্তু এখন মনে হয়, ওই বিরক্তিকর ডাকগুলোও তো আসলে শৈশবের দারুণ সব স্মৃতির অংশ ছিল!
আজ শহরের অনেক জায়গাতেই কাকের দেখা মেলে না। ভোরে জানালা খুললে পাখির ডাকের বদলে কানে আসে গাড়ির হর্ন, নির্মাণকাজের শব্দ কিংবা শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের একঘেয়ে আওয়াজ। পরিচিত সেই কাকের ডাক যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে নগরজীবন থেকে। তাই প্রশ্ন জাগে, শহরের কাকেরা কোথায় গেল?
ছোটবেলার সকালগুলোর কথা মনে পড়লে কাকের উপস্থিতি আলাদা করে চোখে ভাসে। পাড়ার প্রায় প্রতিটি ছাদেই তাদের আনাগোনা ছিল। কোথাও খাবার পড়ে থাকলে মুহূর্তেই হাজির হতো একদল কাক। কাপড় শুকাতে দিলেও ময়লা পা নিয়ে তাদের বসে পড়ার ভয় থাকতো। কখনো বিরক্তি তৈরি করলেও কাকের উপস্থিতি ছিল এতটাই স্বাভাবিক যে, তাদের আলাদা করে খেয়াল করার প্রয়োজনই হতো না।
এখনো দুপুর আসে, গ্রীষ্মের ছুটিও আসে। কিন্তু সেই সময়ের পরিবেশ যেন আর নেই। জানালার বাইরে তাকালে আগের মতো গাছপালা কিংবা পাখির আনাগোনা চোখে পড়ে না। শহরের ব্যস্ততা বেড়েছে, মানুষের জীবনযাত্রাও বদলেছে। সেলফোনের পর্দায় সময় কাটে, চারপাশের শব্দও বদলে গেছে। অথচ কোথাও যেন হারিয়ে গেছে সেই পরিচিত কাকের ডাক।
কাক কি কেবল একটি সাধারণ পাখি ছিল? নাকি আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এক টুকরো স্মৃতি? তাদের ডাকের সঙ্গে মিশে ছিল শৈশবের সকাল, স্কুলে যাওয়ার ব্যস্ততা, ছুটির দিনের অলস দুপুর আর পরিবারের সঙ্গে কাটানো আনন্দময় মুহূর্ত। কাকেরা হয়তো কখনো আমাদের কাছে বিশেষ কিছু ছিল না। কিন্তু তাদের অনুপস্থিতি বুঝিয়ে দিচ্ছে, সাধারণ বলে পরিচিত অনেক কিছুই আসলে জীবনের গুরুত্বপূর্ণ অংশ।
কাকের সংখ্যা কমে যাওয়ার পেছনে নগরায়ণ একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। একসময় শহরে একতলা-দোতলা বাড়ির সংখ্যা বেশি ছিল। বাড়ির কার্নিশ, ছাদ ও আশপাশের গাছপালায় কাকেরা সহজেই আশ্রয় খুঁজে পেত। এখন সেসব জায়গার অনেকটাই দখল করেছে বহুতল ভবন, সড়ক ও বিভিন্ন অবকাঠামো। পুরোনো বট, অশ্বত্থ কিংবা শিরীষগাছ কেটে তৈরি হচ্ছে নতুন স্থাপনা। ফলে পাখিদের বাসা বাঁধা ও নিরাপদে থাকার জায়গা কমে যাচ্ছে।
খাদ্যের উৎসের পরিবর্তনও কাকের জীবনযাত্রায় প্রভাব ফেলতে পারে। একসময় বাড়ির আশপাশে কিংবা রাস্তার পাশে খোলা জায়গায় ময়লা-আবর্জনা পড়ে থাকতো। সেখান থেকেই কাক সহজে খাবার সংগ্রহ করতো। এখনও যে শহর আবর্জনামুক্ত হয়েছে, তা নয়। তবে এখন অনেক শহরে আবর্জনা ব্যবস্থাপনায় পরিবর্তন এসেছে। ঢাকনাযুক্ত ডাস্টবিন, নির্দিষ্ট স্থানে বর্জ্য সংগ্রহ এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের কারণে উন্মুক্ত খাবারের উৎস কমেছে। পরিচ্ছন্ন শহর গড়ে তোলার জন্য এসব উদ্যোগ প্রয়োজনীয় হলেও এর সঙ্গে পাখিদের খাদ্যসংস্থানের বিষয়টিও বিবেচনায় রাখা জরুরি।
শব্দদূষণও শহরের পাখিদের জন্য অস্বস্তিকর পরিবেশ তৈরি করছে। যানবাহনের হর্ন, নির্মাণকাজ, জেনারেটর ও মানুষের অবিরাম কোলাহলে শহরের স্বাভাবিক পরিবেশ বদলে গেছে। কাক সামাজিক পাখি। নিজেদের মধ্যে যোগাযোগ ও সতর্কবার্তা দিতে তারা ডাকাডাকি করে। অতিরিক্ত শব্দের কারণে তাদের স্বাভাবিক যোগাযোগেও বিঘ্ন ঘটতে পারে। পাশাপাশি গাছপালা ও নিরাপদ আশ্রয়ের অভাব তাদের অন্যত্র চলে যেতে বাধ্য করতে পারে।
তবে কাকের অনুপস্থিতিকে শুধু শৈশবের স্মৃতি হারানোর বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। পরিবেশের ভারসাম্য রক্ষায় কাকেরও ভূমিকা রয়েছে। মৃত প্রাণী ও বিভিন্ন ধরনের জৈব বর্জ্য খেয়ে তারা পরিবেশ পরিষ্কার রাখতে সহায়তা করে। ফলে কোনো এলাকায় এ ধরনের পাখির সংখ্যা কমে গেলে তার পরিবেশগত প্রভাব নিয়েও ভাবতে হবে। শহরকে পরিচ্ছন্ন ও আধুনিক করতে গিয়ে যেন তার জীববৈচিত্র্য হারিয়ে না যায়, সেটিও গুরুত্বপূর্ণ।
এ পরিস্থিতি থেকে বের হওয়ার উপায়ও রয়েছে। নগর এলাকায় গাছপালা সংরক্ষণ, নতুন করে দেশীয় প্রজাতির গাছ লাগানো, ছাদবাগান তৈরি এবং পাখিদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা যেতে পারে। পাশাপাশি পরিবেশের জন্য ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার কমানো এবং নগর উন্নয়ন পরিকল্পনায় জীববৈচিত্র্যের বিষয়টি গুরুত্ব দেওয়া প্রয়োজন। শহর শুধু মানুষের বসবাসের জায়গা নয়; এখানে অন্য প্রাণীদেরও বেঁচে থাকার অধিকার রয়েছে।
হয়তো কোনো একদিন আবার ভোরের জানালা খুললে শোনা যাবে কাকের পরিচিত ডাক। ছাদের কার্নিশে বসে থাকবে একদল কাক, গাছের ডালে দেখা মিলবে তাদের আনাগোনা। কিন্তু সেই দিন আসার জন্য শহরকে তাদের উপযোগী করে তোলার দায়িত্ব আমাদেরই।
লেখক: যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী