স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর সদর উপজেলার দৌলতদিহি গ্রামে অনলাইনে জুয়ায় আসক্ত আজিম উদ্দিনের (২৩) অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন তার পিতামাতা। জুয়া খেলার টাকার জন্য তিনি ঘরের আসবাবপত্র ভাঙচুর করছেন। এমনকি মাকেও মারধর করা হয়েছে।
এ ঘটনায় তার বৃদ্ধ পিতা তরিকুল ইসলাম (৬০) রোববার (২ আগস্ট) ছেলের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।
বৃদ্ধ তরিকুল ইসলামের অভিযোগ, তিনি একজন দিনমজুর। তার ছেলে আজিম কোনো কাজকর্ম করে না। কিছুদিন হলো তার ছেলে অদ্ভুত আচরণ করছে। ঘরের দরজা বন্ধ করে একাকী অবস্থান করে। মোবাইল ফোনসেট নিয়ে ব্যস্ত থাকে ঘরের মধ্যে। পরে তিনি ও তার স্ত্রী বিউটি বেগম খোঁজ নিয়ে নিশ্চিত হন, আজিম অনলাইন জুয়ায় আসক্ত। এ জন্য আজিম প্রতিনিয়ত তাদের কাছে দিনপ্রতি একহাজার করে টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। না দিলে হিংস্র আচরণ করছে। তাছাড়া আজিম পর্নোগ্রাফিতেও আসক্ত হয়ে পড়েছে। বর্তমানে তার ছেলে টাকার জন্য এবং উগ্র আচরণে তাদের জীবন অতিষ্ঠ করে তুলেছে। টাকা না দিলে ঘরের আসবাবপত্র প্রায় ভাঙচুর করছে আজিম।
গত ১৫ জুলাই বিকেলে আজিম তাদের কাছে টাকা দাবি করলে তখন তিনি তাকে বলেন, ‘কোথায় পাবো টাকা? তুই তো আমাদের জীবন শেষ করে দিলি’ এ কথা বলার সাথে সাথে আজিম ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। বাধা দেওয়ায় আজিম তার মাকে গালিগালাজ এবং মারধর করে। এক পর্যায়ে তাদের ঘরের ভেতর ঢুকে বাক্সে রেখে দেওয়া ৫ হাজার টাকা নিয়ে নেয় আজিম।