মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামের মাঠ থেকে একই রাতে চার কৃষকের সেচপাম্প (মোটর) চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুন্দর মাঠে সেচপাম্পগুলো রাতে চুরি হয়ে যায়। সকালে কৃষকরা মাঠে গিয়ে দেখেন তাদের সেচপাম্পগুলো চুরি হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন, গাড়াবাড়ীয়া গ্রামের মৃত গহর আলী মণ্ডলের ছেলে আজিজুল রহমান, খায়রুল ইসলাম, রাব্বী এবং আবদুস সালাম। একই রাতে চারজন কৃষকের পাম্প চুরি হয়ে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন তারা।
কৃষক খায়রুল ইসলাম জানান, মাঠে ফসল বাঁচিয়ে রাখার জন্য সেচপাম্পই ছিল প্রধান ভরসা। হঠাৎ করে পাম্প চুরি হয়ে যাওয়ায় আমরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছি।
এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’