খুলনা অফিস
খুলনার বহুল স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত ও আলোচিত নেতা আসাদুজ্জামান মিঠুকে (৪৮) জেলহাজতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার খুলনা থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করে পুলিশ। শুনানিশেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সন্ত্রাসী গ্যাং ‘বি-কোম্পানির’ সঙ্গে সম্পৃক্ততার কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। সোমবার নগর গোয়েন্দা পুলিশের অভিযানে তিনি গ্রেপ্তার হন। মিঠু বি-কোম্পানির অন্যতম সহযোগী হিসেবে নগরীতে আলোচিত ছিল। তিনি নগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইস্তিয়াক আহমেদ ইসতির অনুসারী হিসেবে পরিচিত। সেই সূত্রে তিনি স্বেচ্ছাসেবক দলের খুলনা মহানগর শাখার যুগ্ম-আহ্বায়কের পদ পান। গত ১৪ জুলাই দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে নগরীর নতুন রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মিঠু নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার সুলতান মাহমুদের ছেলে।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মো. আহাদুজ্জামান মিয়া জানান, আসাদুজ্জামান মিঠুকে দুপুরে নগরীর নতুন রাস্তা থেকে গ্রেপ্তার করা হয়। খুলনা থেকে বেনাপোলের উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি।
তিনি জানান, গত ১৪ জুলাই রাত একটার দিকে খুলনা সদর থানা এলাকার জাতিসংঘ শিশু পার্কের পশ্চিম পাশে কয়েকজন সাংবাদিক বসে গল্প করছিলেন। এ সময় তাদের লক্ষ্য কয়েকজন দুর্বৃত্ত গুলি করে। এ মামলায় তাকে সন্দিগ্ধ আসামি করা হয়েছে। এছাড়া তার সঙ্গে খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
২০২৪ সালের ৫ আগস্টের পটপরিবর্তনের পর মিঠুর বিরুদ্ধে রেলওয়ের জায়গা দখল, ঘাট এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা ও চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগ ওঠে। পুলিশের কয়েকজন দুর্নীতিবাজ কর্মকর্তার সঙ্গে তার ঘনিষ্ট যোগাযোগের বিষয়টিও নগরীতে আলোচিত।
গ্রেপ্তারকৃত মিঠুর বিরুদ্ধে কেএমপির বিভিন্ন থানায় অস্ত্র, বিস্ফোরক, নাশকতাসহ একাধিক মামলা রয়েছে বলে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।