যশোর, বাংলাদেশ || বুধবার, ১৯ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনায় ‘ছেলেধরা’ সন্দেহে সংঘবদ্ধ পিটুনি, যুবক নিহত

খুলনা অফিস

প্রকাশ : মঙ্গলবার, ১৮ আগস্ট,২০২৬, ১১:২৪ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট,২০২৬, ১১:২৬ পিএম
খুলনায় ‘ছেলেধরা’ সন্দেহে সংঘবদ্ধ পিটুনি, যুবক নিহত

খুলনায় ‘ছেলেধরা সন্দেহে’ রাজু শিকদার (২৫) নামে এক যুবককে সংঘবদ্ধ পিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় মহানগরীর আড়ংঘাটা থানার রায়ের মহল এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজু শিকদার একটি শিশুকে সঙ্গে নিয়ে রায়ের মহল এলাকায় যাচ্ছিলেন। ওই সময় স্থানীয় কয়েকজনের সন্দেহ হয়, তিনি শিশুটিকে অপহরণ করে নিয়ে যাচ্ছেন। পরে কয়েকজন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। একপর্যায়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

লোকজনের পিটুনিতে গুরুতর আহত হয়ে রাজু ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাজু শিকদার ফুলতলা উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা। তিনি কী কারণে রায়ের মহল এলাকায় এসেছিলেন এবং সঙ্গে থাকা শিশুটিকে কোথায় নিয়ে যাচ্ছিলেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির জানান, প্রাথমিকভাবে জানা গেছে, শিশুটির সঙ্গে রাজুর পূর্বপরিচয় ছিল। তবে স্থানীয়রা তাকে ‘ছেলেধরা’ সন্দেহে আটক করে মারধর করে।

তিনি বলেন, ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এর পেছনে প্রকৃত কারণ কী, তা জানতে পুলিশ তদন্ত করছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, রাজুকে কেন আটক করা হয়েছিল, শিশুটির সঙ্গে তার সম্পর্ক কী এবং কারা তাকে মারধরের সঙ্গে জড়িত- এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, শুধু সন্দেহের ভিত্তিতে কাউকে আটক করে মারধর করা বা আইন নিজের হাতে তুলে নেওয়া অপরাধ।

এ ঘটনায় রায়ের মহল এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)