সাতক্ষীরা প্রতিনিধি
বন্ধের মৌসুমে অবৈধভাবে ঢুকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া নদীতে মাছ ধরার অভিযোগে নৌকাসহ চার জেলেকে আটক করেছে বনরক্ষীরা।
সোমবার (১৭ আগস্ট) রাতে কলাগাছিয়া নদীর লেবুবুনিয়ার খাল থেকে তাদের আটক করা হয় এবং মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে তাদের সাতক্ষীরা বন আদালতে সোপর্দ করা হয়। বিকেলে আদালত থেকে তাদেরকে সাতক্ষীরা জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
অভিযুক্ত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাবুরা গ্রামের মোস্তফা গাজী, মাহফুজুর রহমান, আল-আমিন গাজী ও ইয়ারুজ্জামান ঘরামী।
বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা এসও এরফান উদ্দিন বলেন, সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে অবৈধভাবে ঢুকে মাছ ধরার দায়ে ১টি নৌকা, মাছ ও জালসহ ৪ জেলেকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।
এসও এরফান জানান, বিশেষ টিম অভিযান চালিয়ে একটি ডিঙি নৌকাসহ চার জেলেকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ৩০ কেজি চিংড়ি মাছ, ১৩৭ কেজি সাদা মাছ, একটি খালপাটা জাল, একটি বেন্দি জাল, পাঁচটি পানির ড্রাম, একটি হুইল, দুটি বৈঠা, তিনটি দা ও একটি কাটা ড্রাম জব্দ করা হয়।