স্টাফ রিপোর্টার
, যশোর
যুবরাজ সাহা (১৭) নামে এক স্কুলছাত্রকে অপহরণ করে চাঁদাদাবি ও মারপিটের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আশানুর রহমান আশাকে (৩৫) আটক করেছে পুলিশ। সোমবার রাতে যশোর পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে শহরের খোলাডাঙ্গা থেকে আটক করে।
আটক আশা শহরতলীর খোলাডাঙ্গা রকমারির মোড়ের মফিজের ছেলে।
পুলিশ জানিয়েছে, বেজপাড়া পিয়ারীমোহন রোডের অঞ্জন কুমার সাহার ছেলে যুবরাজ সাহা যশোর জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল। এছাড়া সে হকি ও হ্যান্ডবল খেলোয়াড়। খোলাডাঙ্গার মৃত স্বপনের ছেলে জাহিন মির্জা (২৫) ও আরএন রোডের জাহাঙ্গীরের ছেলে ফাহিম যশোর জিলা স্কুলের ছাত্র ছিল। সেই সূত্রে তাদের মধ্যে পরিচয়।
কিছুদিন আগে যুবরাজের সাথে তাদের মনোমালিন্য হয়। যুবরাজ তাদের সাথে মেলামেশা বন্ধ করে দেয়। কিন্তু তারা যুবরাজকে ক্ষতির চেষ্টা করে। গত ২২ জুলাই আসামিরা তার পিতার ফোনে কল দিয়ে যুবরাজের সংবাদ জানতে চায়। তার পিতা সরল বিশ্বাসে যুবরাজের মোবাইল নম্বর জানিয়ে দেয়।
ওইদিন রাত ৮টার দিকে যুবরাজ চাঁচড়া ইউনিক ক্যাফেতে বসে ছিল। সে সময় উল্লিখিত আসামি ছাড়াও আরো ৭/৮ জন সেখানে গিয়ে যুবরাজকে তুলে নিয়ে খোলাডাঙ্গার একটি বাড়িতে আটকে রেখে মারপিট করে নগদ সাড়ে নয় হাজার টাকা কেড়ে নেয়।
যুবরাজের বাবার কাছে ফোন করে দুই লাখ ৬০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ায় তাকে মারপিট করে। সে সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা চলে যায়। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় যুবরাজের পিতা সাতজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। মামলায় জহিন মির্জা, ফাহিম, আশানুর রহমান আশা, বর্ষা ছাড়াও অন্যরা হলো, খোলাডাঙ্গার উৎসব, চাঁচড়ার আল আমিন, রিফাতসহ ১০/১২জন।