মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে ১৯৮ বোতল উইনকোরেক্সসহ দুইজনকে গ্রেপ্তারের দাবি করেছে র্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্প।
র্যাব বলছে, তাদের সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের মালাধরপুর পূর্বপাড়া গ্রামের চার রাস্তার মোড়ে চেকপোস্ট স্থাপন করে। এ সময় নীল রঙের একটি ইজিবাইকে করে মাদক পরিবহনের অভিযোগে ১৯৮ বোতল উইনকোরেক্সসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. ইসানুর (৪৫), মৃত শক্কুর আলীর ছেলে এবং মো. ইনতাদুল ইসলাম (৪৬), নেবুর আলীর ছেলে। তাদের বাড়ি মহেশপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামে।
র্যাব জানায়, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামতসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬ এর সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন।