স্টাফ রিপোর্টার
, যশোর
যৌতুক মামলায় আব্দুল মালেক নামে এক ব্যক্তিকে এক বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে যশোরের একটি আদালত।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আব্দুল মালেক মণিরামপুরের মদনপুর গ্রামের মকলেসুর রহমানের ছেলে।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, ২০০৬ সালের ১৯ নভেম্বর আসামি আব্দুল মালেক পারিবারিক ভাবে হরিহরনগর গ্রামের জমশেদ সরদারের মেয়ে রেশমা খাতুনকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের ১৫ বছর বয়সী ফেরদৌস নামে এক ছেলে সন্তান রয়েছে। সন্তান জন্মের পর থেকেই আব্দুল মালেক তার পরিবারের লোকজনের প্ররোচনায় তার স্ত্রীর কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। টাকা দিতে না পারায় স্ত্রীকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে। একপর্যায়ে যৌতুকের তিন লাখ টাকা এনে দিতে না পারায় আসামি তার স্ত্রীকে মারপিট করে সন্তানসহ এককাপড়ে পিতার বাড়ি তাড়িয়ে দেন। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি গত ২০২৫ সালের ২ মার্চ আদালতে মামলা করেন।
এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষে আসামি আব্দুল মালেকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে এক বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন।