স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে শহরতলীর পুলেরহাট বাজারের কাছে সাজিদ আহম্মেদ (১৮) নামে এক তরুণকে মারপিট ও ছুরিকাঘাতে জখম করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। প্রেম করে বিয়ে করার অপরাধে তার ওপর এই আক্রমণ করা হয় বলে ঘটনার শিকার সাজিদ জানিয়েছেন।
আহত সাজিদ যশোর সদর উপজেলার ভাতুড়িয়া হাফেজ পাড়ার হাফিজুর রহমানের ছেলে।
সাজিদ তার অভিযোগে জানান, চারমাস আগে শহরের শংকরপুর হাজারিগেট এলাকার আব্দুল মান্নানের মেয়ে সাদিয়া আফরিনকে গোপনে বিয়ে করেন তিনি। বিয়ের পর গত ৩ আগস্ট সাজিদ আফরিনকে তার বাড়িতে নিয়ে যান। বিয়ষটি জানতে পেরে আফরিনের পরিবারের লোকজন জোর করে আফরিনকে নিয়ে চলে যায়। আফরিন ফের গত ৯ আগস্ট আবার সাজিদের বাড়িতে এলে আগের মতো জোর করে তাকে নিয়ে যায় আফরিনের বাড়ির লোকজন।
এরপর ৩০ আগস্ট ফের আফরিনকে নিয়ে সাজিদ যশোরের বাইরে চলে যান। এই ঘটনায় আফরিনের পরিবারের পক্ষ থেকে পুলিশে অভিযোগ করলে পুলিশ সাজিদের বাবাকে আটকে রাখে। বাধ্য হয়ে আফরিনকে যশোরে নিয়ে আসেন সাজিদ। পুলিশ আফরিনকে তার পরিবারের জিম্মায় দেয়।
গত ২ সেপ্টেম্বর রাত ৮টার দিতে সাজিদ ও তার বন্ধু রাব্বি শহরতলীর পুলেরহাটের কাছে শিশু উন্নয়ন কেন্দ্রের সামনে ছিলেন। এসময় মুখোশ পরে মোটরসাইকেলে করে কয়েকজন তাদের সামনে আসে এবং প্রেম করে বিয়ে করা নিয়ে তাকে নানাভাবে জেরা করতে থাকে।
একপর্যায়ে পাশের গলিতে নিয়ে গিয়ে কাঠের বাটাম দিয়ে তারা সাজিদকে বেধড়ক মারপিট এবং ছুরিকাঘাত করে। এসময় তার বন্ধু রাব্বি এগিয়ে গেলে তাকেও মারপিট করে মুখোশধারীরা হুমকি দিয়ে চলে যায়। রাতে সাজিদ ও তার বন্ধু যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।
এ ঘটনায় সাজিদ কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।