ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় ৩১ পিস ইয়াবাসহ আবদুল্লাহ আল রাজু (২৩) নামে এক মাদকাসক্ত যুবককে আটক করেছে পুলিশ।
আজ রোববার (১১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ঝিকরগাছা পৌরসভার কৃষ্ণনগর সম্মিলনী স্কুলপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রাজু ওই এলাকার কামাল হোসেনের ছেলে।
আটকের আগে রাজু নিজের বাবাকে ছুরিকাঘাতের চেষ্টা, প্রতিবেশীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা এবং পুলিশের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজু দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন এবং প্রতিবেশী একটি পরিবারের এক মেয়েকে উত্ত্যক্ত করতেন। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে তিনি নেশাগ্রস্ত অবস্থায় ওই মেয়ের বাড়িতে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করেন।
খবর পেয়ে পুলিশ দুই দফায় ঘটনাস্থলে গেলেও রাজুকে পায়নি। পুলিশ চলে যাওয়ার পর রাজু আবারও সেখানে যান। এ সময় তার বাবা কামাল হোসেন ছেলেকে আটকানোর চেষ্টা করলে রাজু তাকে ছুরিকাঘাত করতে উদ্যত হন। পরে কামাল হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে ভোর ৪টার দিকে তৃতীয় দফায় অভিযান চালিয়ে রাজুকে আটক করে পুলিশ।
ঝিকরগাছা থানার উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান জানান, আটকের সময় রাজু পুলিশের ওপর চড়াও হন এবং কিল-ঘুষি মারেন। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এদিকে ছেলের এমন আচরণে ক্ষুব্ধ বাবা কামাল হোসেন বলেন, আমার ছেলে এলাকার পরিবেশ নষ্ট করে ফেলেছে। আমি চাই, সহজে যেন তার জামিন না হয়। অন্তত এক বছর জেল খেটে সে যেন ভালো মানুষ হয়ে ফিরে আসে।