সাতক্ষীরা প্রতিনিধি
পারিবারিক বিরোধের জেরে সাতক্ষীরায় হোসনেআরা খাতুন (৪০) নামে এক গৃহবধূকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ সাতক্ষীরা সদর থানায় লিখিত এজাহার দায়ের দিয়েছেন।
অভিযোগে বলা হয়, শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে কাটিয়া সরকারপাড়া এলাকার বাসিন্দা হোসনেআরা খাতুন তার বাবার বাড়ির উদ্দেশে রওনা হন। পূর্ববিরোধের জেরে বিবাদীরা পথে তার ওপর চড়াও হয়ে মারধর করে।
হামলায় ওই গৃহবধূর নাক ফেটে রক্তক্ষরণ হয় এবং শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।
ভুক্তভোগীর অভিযোগ, হামলাকারীরা তাকে পিটিয়ে জখম করার পাশাপাশি তার কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয় এবং তাকে হত্যার হুমকি দেয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় কাটিয়া সরকারপাড়া এলাকার মিয়াজুল হোসেন (৬০), সাবিনা খাতুন (২৬) ও মেহরাজ হোসেনসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।