খুলনা অফিস
খুলনার শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ানশুটারগান, একটি দোনলা বন্দুক এবং শটগানের দশ রাউন্ড গুলিসহ জনি (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬।
এসআরবির দাবি, তিনি ‘সন্ত্রাসী আশিক বাহিনী’র শুটার। রোববার (১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার জনি খুলনার চানমারি বাজার এলাকার মৃত জাহিদ হাসানের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬ এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি দল কেএমপির খুলনা সদর থানার শিপইয়ার্ড এলাকায় বিশেষ অভিযান চালায়।
অভিযানের সময় জনিকে ঘিরে ফেলে তল্লাশি চালিয়ে ওই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ওয়ান শুটারগানটি দেশে তৈরি। পরে জনিকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি জানায়, জনি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিলেন। প্রাথমিক পর্যালোচনায় জনির বিরুদ্ধে খুলনা সদর ও লবণচরা থানায় অস্ত্র আইন, হত্যা ও হত্যাচেষ্টাসহ অন্তত চারটি মামলার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ তাকে খুলনার সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।