সড়ক অবরোধ
খুলনা অফিস
খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশা সাইলো থেকে সরকারি কাগজপত্র ও অনুমতি ছাড়া দুই ট্রাক গম বের করে নেওয়ার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মহেশ্বরপাশা খাদ্যগুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফ হোসেনসহ তিনজনকে আটক করেছে পুলিশ। ঘটনার জেরে মঙ্গলবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী নগরীর মহেশ্বরপাশা মানিকতলা খাদ্য গুদামের সামনে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগের সৃষ্টি হয়। পরে স্থানীয় বিএনপি নেতা ও পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার রাতে অনুমতি ছাড়া কয়েকজন অবৈধভাবে খাদ্য গুদামের অভ্যন্তরের সাইলো থেকে দুই ট্রাকে গম ভর্তি করে পাচারের চেষ্টা করে। ঘটনাটি টের পেয়ে গুদামের দায়িত্বপ্রাপ্তরা বিষয়টি পুলিশকে জানান।
দৌলতপুর থানা পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে খাদ্য গুদাম ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি ও বিএনপি নেতা মো. আরিফ হোসেন, সাইলোর মেশিনম্যান মেহেদী হাসান ও এলইউ শাখার ইনভয়েস প্রস্তুতকারী মোহাম্মদ কামরুজ্জামানকে আটক করে।
এদিকে, এ খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা প্রথমে বিক্ষোভ ও পরে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে। এতে দুইপাশে শত শত যানবাহন আটকা পড়ে যানজট ও ভোগান্তি সৃষ্টি হয়। পরে নগরীর দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেনের মধ্যস্থতায় সড়ক অবরোধ সাময়িক স্থগিত করা হয়।
তবে সভাপতিকে মুক্তি না দিলে শ্রমিকরা ফের সড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন। সন্ধ্যা পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকরা সাইলোর সামনে অবস্থান করছিলেন।
এ বিষয়ে সাইলোর অতিরিক্ত সুপার অরুণ কুমার মিশ্র বলেন, কাগজপত্র ছাড়াই গম ট্রাকে লোড করা হয়। এ ধরণের ঘটনা আগেও এখানে ঘটে থাকতে পারে বলে অভিযোগ রয়েছে। ফলে বিষয়টি তদন্তের জন্য ঢাকা হেড অফিস থেকে তিন সদস্যের একটি টিম খুলনায় অবস্থান করছিল। মূলত তারাই বিষয়টি হাতে-নাতে ধরতে সক্ষম হয়। তবে, ঘটনার সময় তিনি অফিসে ছিলেন না। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
কেএমপির উপপুলিশ কমিশনার সুদর্শন কুমার রায় জানান, গম চুরির ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। এ ঘটনায় মামলা হলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
তবে নগরীর দৌলতপুর থানার ওসি মু. মোরাদুল ইসলাম বলেন, মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।