ইবি, কুষ্টিয়া ও ঝিনাইদহ প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একটি ডাবল ডেকার বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ থেকে ক্যাম্পাসে ফেরার পথে 'দিগন্ত' নামের বাসটি গাড়াগঞ্জ এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানান, ভাটই বাজারে সড়ক নির্মাণকাজের কারণে বিশ্ববিদ্যালয়ের বাসগুলো দীর্ঘ সময় যানজটে আটকে ছিল। যানজট থেকে বেরিয়ে বাসটি চলতে শুরু করার কিছুক্ষণ পর গাড়াগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা বাস লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে। বাসটি চলন্ত অবস্থায় থাকায় বোমাটি চাকায় লেগে সড়কে ছিটকে পড়ে। এতে বাসে থাকা শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মামুনুর রশীদ বলেন, 'নিষিদ্ধ সংগঠনের কর্মসূচিকে ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বাসে বোমা নিক্ষেপের ঘটনা ঘটতে পারে বলে আমরা ধারণা করছি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং টহল জোরদার করা হয়েছে।'
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, 'ছাত্রলীগের কতিপয় দুষ্কৃতকারী ফেসবুকে পোস্ট দিয়ে ইবিসহ পুরো দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের গাড়িতে নাশকতার চেষ্টার ঘটনায় রেজিস্ট্রারকে শৈলকূপা থানায় মামলার নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ঝিনাইদহ ও কুষ্টিয়ার পুলিশ সুপারকে (এসপি) জানানো হয়েছে। ক্যাম্পাসের সার্বিক কার্যক্রম স্বাভাবিক থাকবে।'