খুলনা প্রতিনিধি
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খুলনায় শুরু হয়েছে নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টায় নগরীর বয়রায় বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, জেলা প্রশাসক হুরে জান্নাত, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব অমিতাভ পরাগ তালুকদার।
অনুষ্ঠানে কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা বলেন, বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে বড় পরিসরে বইমেলা আয়োজনের কারণে এবার পাঠক ও দর্শনার্থীদের অংশগ্রহণ আগের চেয়ে বেশি হবে। এর ফলে মেলায় অংশ নেওয়া প্রকাশনীগুলোও ভালো সাড়া পাবে। এই মেলা অঞ্চলের মানুষের জ্ঞানের বিকাশে এবং জীবনব্যাপী জ্ঞান আহরণের স্পৃহা জাগাতে বিশেষ ভূমিকা রাখবে। দেশের খ্যাতনামা প্রকাশনীগুলোর স্টল থাকায় পাঠকেরা সহজেই পছন্দের বই কেনার সুযোগ পাবেন।
সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন বলেন, ‘একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইমেলার বিকল্প নেই। বই আমাদের পরম বন্ধু। এই বন্ধুকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করতে পারলে একটি প্রগতিশীল সমাজ গড়ে উঠবে, যা তথ্যভিত্তিক ও শক্তিশালী রাষ্ট্র গড়ার মূল ভিত্তি হিসেবে কাজ করবে।’

এর আগে বইমেলা উপলক্ষ্যে সকালে নগরীর নিউমার্কেট এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আয়োজকেরা জানান, মেলা আগামী ১৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং সরকারি ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বরচিত কবিতা পাঠ এবং শিশু-কিশোরদের জন্য কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মেলাকে আরও প্রাণবন্ত করতে 'সংস্কৃতি ও নৈতিকতা', 'মানবতাবাদ ও বিশ্ব শান্তি' এবং 'বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্র' বিষয়ে তিন দিনে তিনটি সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়া মেলা থেকে বই ক্রেতাদের উৎসাহিত করতে প্রতিদিন লটারির (কুপন) মাধ্যমে তিনজনকে পুরস্কৃত করা হবে।
এবারের বইমেলায় মোট ৯০টি স্টল রয়েছে। এর মধ্যে ঢাকা থেকে আসা প্রকাশনা সংস্থাগুলোর জন্য ৭১টি, বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি অফিসের জন্য নয়টি এবং পুলিশ কন্ট্রোল রুম, তথ্য কেন্দ্র, নার্সারি, পাঠক আড্ডা ও গণমাধ্যমকর্মীদের জন্য একটি করে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া দর্শনার্থীদের সুবিধার্থে মেলা প্রাঙ্গণে পাঁচটি খাবারের স্টল রয়েছে।