ইবি প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দেশব্যাপী অপতৎপরতার প্রতিবাদ ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে মিছিলটি বের করা হয়। পরে ক্যাম্পাস ও প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঝাল চত্বরে গিয়ে এটি শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, ‘শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় সজাগ রয়েছে। গতকাল রাতে নিষিদ্ধ সংগঠনের ডাকা তথাকথিত কর্মসূচির নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে। একটি শান্ত ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য নিষিদ্ধ ছাত্রলীগ অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে ক্যাম্পাসে যেকোনো অপতৎপরতা শক্ত হাতে রুখে দেওয়া হবে।’
বিক্ষোভ মিছিলে শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদ রুমি মিথুন ছাড়াও সদস্যসচিব মো. রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।