স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর-নড়াইল সড়কের হামিদপুরে মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারের ভেতর থেকে ছয় হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের দাবি করেছে ডিবি পুলিশ।
এ সময় জুয়েল বিশ্বাস (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
ডিবি পুলিশের এসআই কামরুজ্জামান জানান, তারা গোপন সূত্রে জানতে পারেন যে, প্রাইভেটকারে ইয়াবা ট্যাবলেটের একটি চালান নিয়ে ঢাকা থেকে যশোরে আসছেন মাদক ব্যবসায়ীরা।
খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলামের নেতৃত্বে তারা যশোর-নড়াইল সড়কের হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অস্থায়ী চেকপোস্ট বসান। কিছু সময় পর যশোরমুখী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৪-০২৭৭) সেখানে পৌঁছালে তারা থামান। ভেতরে তল্লাশি চালিয়ে ড্রাইভারের পায়ের কাছে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ছয় হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
পুলিশ জানায়, ওই সময় চালক জুয়েল বিশ্বাসকে আটক করা হয়। মূলত তিনিই ইয়াবা ট্যাবলেটের মালিক। তার বাবার নাম রিজাউল বিশ্বাস। বাড়ি চৌগাছা উপজেলার বুড়িন্দিয়া বিশ্বাসপাড়ায়।
আটক জুয়েল বিশ্বাসের বিরুদ্ধে আটটি মামলা রয়েছে বলে জানিয়েছেন এসআই মো. কামরুজ্জামান।