কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া সরকারি কলেজে মাদকবিরোধী অভিযানে গিয়ে ডিবি পুলিশের দুইজন এসআই এবং একজন কনস্টেবল আহত হয়েছেন। ঘটনার জন্য ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করা হচ্ছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, জেলা গোয়েন্দা পুলিশের এসআই জনি, এসআই জিহাদ এবং কনস্টেবল ইমরান।
আক্রান্ত হওয়ার পর তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযানে যান গোয়েন্দা পুলিশের সদস্যরা। এ সময় কলেজ ছাত্রদলের আহ্বায়ক সংগ্রাম হোসেনসহ কয়েকজনকে মাদকসহ আটক করে পুলিশ।
এই খবর ছড়িয়ে পড়লে সরকারি কলেজ এবং পাশের কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গিয়ে পুলিশের ওপর চড়াও হন। একপর্যায়ে পুলিশ সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েন।
এ সময় পুলিশের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালান ছাত্রদল নেতাকর্মীরা। তারা আটক নেতাকর্মীদের ছাড়িয়ে নেন।
পরে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
পুলিশের ওপর হামলায় জড়িতরা জেলা ছাত্রদলের সদস্য সচিব তসলিম উদ্দিন নিশাতের অনুসারী বলে সংগঠন সূত্রে জানা গেছে। অভিযোগের বিষয়ে জানতে নিশাতের নম্বরে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন বলেন, সরকারি কলেজে একটি ঘটনা ঘটেছে। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
তবে দুই এসআইসহ গোয়েন্দা পুলিশের তিন সদস্য আহতের ঘটনাটি নিশ্চিত করেন ওসি।
এদিকে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা।
তিনি লিখেছেন, ‘কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে গোয়েন্দা পুলিশের তিন সদস্য আহত হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই, ক্ষমতার কাছাকাছি থাকা মানেই আইনের ঊর্ধ্বে চলে যাওয়া নয়। রাষ্ট্রের দায়িত্বশীল অবস্থানে থাকা কিংবা কোনো বিশেষ পরিচয় বহন করা কাউকে অপরাধের দায় থেকে মুক্তি দিতে পারে না।’
তিনি লেখেন, ‘যারা মনে করেন, ক্ষমতার ছায়ায় থাকলে সবকিছু করা যায়, তাদের মনে রাখা উচিত, ক্ষমতা সাময়িক, কিন্তু আইনের শাসন সবার জন্য সমান হওয়া উচিত। পরিচয়ের দাপট দেখিয়ে অপরাধ আড়াল করার দিন শেষ হওয়া প্রয়োজন। প্রশ্ন হলো, মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে যদি পুলিশকেই হামলার শিকার হতে হয়, তাহলে মাদকবিরোধী লড়াইয়ে বাধা দিচ্ছে কারা ‘
তিনি লেখেন, ‘আমি স্পষ্টভাবে বলতে চাই, মাদক নির্মূলে কোনো দল, গোষ্ঠী কিংবা ব্যক্তির পরিচয় বিবেচনা করা যাবে না। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। আহত তিনজন গোয়েন্দা পুলিশ সদস্যের দ্রুত সুস্থতা কামনা করছি। মনে রাখবেন, রাষ্ট্র কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, আইন কারও দলীয় সম্পত্তি নয় এবং অপরাধীর কোনো রাজনৈতিক অভিভাবক থাকতে পারে না।’