অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ (৯৯ বোতল ফেয়ারডিল ও ৯৯ বোতল উইনকোরেক্স সিরাপ) রকিবুল ইসলাম (২৮) নামে একজন কারচালককে আটকের দাবি করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত কারটি জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে উপজেলার শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ী গ্রামের চৌরাস্তা চেকপোস্টে তল্লাশি চালিয়ে কারসহ চালককে আটক করা হয়।
দুপুরে এই তথ্য দেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান।
আটক রকিবুল ইসলাম নড়াইল জেলার লোহাগড়া উপজেলার রঘুনাথপুর গ্রামের সোনা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বাশুয়াড়ী গ্রামের চৌরাস্তা চেকপোস্টে একটি কারে (ঢাকা মেট্রো গ-৪৩-৬২১৬) তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে কারের ভেতরে লুকিয়ে রাখা একটি ট্র্যাভেলব্যাগ থেকে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপ (৯৯ বোতল ফেয়ারডিল ও ৯৯ বোতল উইনকোরেক্স সিরাপ) উদ্ধার করা হয়।
এ সময় প্রাইভেটকারটি জব্দ করাসহ চালককে আটক করা হয়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, আটক কারচালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। উদ্ধার হওয়া ফেয়ারডিল ও উইনকোরেক্স সিরাপ ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। মাদক পরিবহনে ব্যবহৃত কারটিও জব্দ করা হয়েছে।