চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার সদর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় চারটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে দুটি বোমা বিস্ফোরিত হয়ে প্রধান ফটক ও সিঁড়ির পাশে আগুন ধরলেও নৈশপ্রহরীর দ্রুত পদক্ষেপ গ্রহণ করায় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ব্যাংকের শাখাটি।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক পৌনে ৩টার দিকে সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের গ্রামীণ ব্যাংকের পদ্মবিলা শাখায় এ ঘটনা ঘটে।
একজন নৈশপ্রহরীর নাম পরিচয় গোপন রাখার শর্তে বলেন, দুটি মোটরসাইকেলে করে হেলমেট পরা চার ব্যক্তি ব্যাংকটি লক্ষ্য করে পরপর চারটি পেট্রোল বোমা ছুড়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
নিক্ষিপ্ত চারটি বোমার মধ্যে একটি ব্যাংকের প্রধান দরজার সামনে এবং অপরটি সিঁড়ির পাশে বিস্ফোরিত হলে আগুন ধরে যায়; বাকি দুটি বোমা অবিস্ফোরিত অবস্থায় ছিল। এ সময় বাজারের ওই নৈশপ্রহরী দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তার তৎপরতায় আগুন ব্যাংকের ভেতরে ছড়াতে পারেনি এবং ব্যাংকের শাখার কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পদ্মবিলা শাখা ব্যবস্থাপক বিপ্লব ভট্টাচার্য জানান, ব্যাংকের সিসিটিভি ফুটেজে রাত পৌনে ৩টার দিকে কয়েকজন অজ্ঞাত যুবকের চারটি পেট্রোল বোমা নিক্ষেপের দৃশ্য ধারণ হয়েছে। বিস্ফোরণের পর নৈশপ্রহরী দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।
খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, পেট্রোল বোমাজাতীয় বস্তু নিক্ষেপের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ব্যাংক কর্তৃপক্ষ মামলা করলে তা গ্রহণ করা হবে। সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ব্যাংকের পক্ষে থানায় কোনো মামলা করা হয়নি।
সিসিটিভি ফুটেজে হামলার চিত্র পাওয়া গেলেও এখন পর্যন্ত হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা বা ঘটনার পেছনের উদ্দেশ্য জানা যায়নি।