যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নাশকতায় পেট্রোল বোমা

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ২০ নভেম্বর,২০২৬, ১২:৩০ এ এম
নাশকতায় পেট্রোল বোমা

কথিত লকডাউন সফল করার নামে গোপালগঞ্জ, পার্শ্ববর্তী এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক নাশকতামূলক কাজ করে চলেছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অগ্নিসংযোগ, পেট্রোল বোমা হামলা, মারপিটে সাধারণ মানুষের মধ্যে ভীতিকর অবস্থা সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিভিন্ন স্থানে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেই চলেছে। আমাদের স্টাফ রিপোর্টার, অফিস ও প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে রিপোর্টে বিস্তারিত—

যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ

যশোর-নড়াইল মহাসড়কে চলন্ত একটি কাভার্ড ভ্যানে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে গাড়ির চালক রাজিব (৪৫) অগ্নিদগ্ধ হয়েছেন এবং চালকের সহকারী (হেলপার) হৃদয় (৪০) কাচের আঘাতে আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার হামিদপুর নুরিতলা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত চালক রাজিব যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর (তৃপ্তিপুর) গ্রামের আব্দুল হাইয়ের ছেলে এবং সহকারী হৃদয় একই এলাকার জনি শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী একটি বড় কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-২২-৩৭২৭) হামিদপুর নুড়িতলা এলাকায় পৌঁছুলে রাস্তার পাশের কলাবাগানের ভেতর থেকে ৪-৫ জন দুর্বৃত্ত গাড়িটি লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এর মধ্যে একটি বোমা গাড়ির বডিতে আঘাত করে এবং অপরটি পাশের খোলা জানালা দিয়ে ভেতরে ঢুকে চালকের পাশে বিস্ফোরিত হয়। এতে মুহূর্তেই গাড়িতে আগুন ধরে গেলে চালক নিয়ন্ত্রণ হারান এবং কাভার্ড ভ্যানটি সড়কের পাশের একটি বাগানে ঢুকে পড়ে। খবর পেয়ে চাঁদপাড়া ক্যাম্পের টহল পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অন্যদিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানের আগুন নিয়ন্ত্রণে আনেন।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডা. মাশহারুল হক ইমন জানান, আগুনে চালক রাজিবের মুখ, পিঠ ও হাতের চামড়া পুড়ে গেছে এবং তার অবস্থা কিছুটা গুরুতর। এ ছাড়া গাড়ির ভাঙা কাচের আঘাতে সহকারী হৃদয়ের হাত ও মুখ কেটে গেছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘ঘটনাটি জেনেছি। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে পুলিশের একাধিক দল কাজ করছে।’

বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

কেশবপুরে বিএনপি নেতার বাড়ির সামনে পেট্রোল বোমা

অপরদিকে যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর বাজার কমিটির সভাপতি ও বিএনপি নেতা মঞ্জুরুল ইসলাম পলাশের বাড়ির সামনের একটি দোকানে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে দুর্বৃত্তদের এ হামলায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে হাসানপুর ইউনিয়ন বিএনপির সদস্য মঞ্জুরুল ইসলাম পলাশের বাড়ির সামনে ভাড়া দেওয়া দোকানে দুর্বৃত্তরা একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। বোমাটি বিস্ফোরিত হলে দোকানের মূল ফটক, বাইরের অংশ এবং সামনে টাঙানো বিএনপির ৩১ দফা বাস্তবায়নের একটি ব্যানার পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় পুলিশ প্যাকেটে মোড়ানো অবিস্ফোরিত আরও একটি পেট্রোল বোমা উদ্ধার এবং বিস্ফোরিত বোমার আলামত সংগ্রহ করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত হামলার ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে হাসানপুর বাজার কমিটির সভাপতি ও বিএনপি নেতা মঞ্জুরুল ইসলাম পলাশ বলেন, ‘বৃহস্পতিবার ভোরে সন্ত্রাসীরা আমার বাড়ির সামনে ভাড়া দেওয়া দোকানে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ঘরটির সামনের অংশ ও দলীয় ৩১ দফা বাস্তবায়নের একটি ব্যানার পুড়ে গেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, নাশকতার অংশ হিসেবে ভোরে হাসানপুর বাজারে বাজার কমিটির সভাপতি মঞ্জুরুল ইসলামের বাড়ির সামনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুলনায় ব্যানারে পেট্রোল বোমা, নাশকতা পরিকল্পনার অভিযোগে আটক

খুলনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর উপলক্ষে স্থাপিত ব্যানারে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি নগরের শিববাড়ি মোড়ে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা ব্যানারটি (কাটআউট) লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে পালিয়ে যায়। বিস্ফোরণের পর ব্যানারের একাংশে আগুন ধরে গেলে পুলিশ তা নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টা থেকে ১১টা ১০ মিনিটের মধ্যে মোটরসাইকেলে করে দুই দুর্বৃত্ত শিববাড়ি মোড়ে এসে ওই ব্যানার লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। বোমা বিস্ফোরিত হয়ে ব্যানারে আগুন ধরে গেলে তারা দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ তাদের ধাওয়া করলেও ধরতে পারেনি। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শিববাড়ি মোড়ে স্থাপিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর ব্যানার লক্ষ্য করে দুই দুর্বৃত্ত পেট্রোল বোমা নিক্ষেপ করে। পুলিশ তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন অভিযোগ করেন, আগুন দিতে পারলে সাত হাজার এবং বোমা নিক্ষেপ করতে পারলে পাঁচ হাজার টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে লোক ভাড়া করে বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টা চলছে। সরকারি অফিস-আদালত ও দলের নেতাদের বাড়িঘরও হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন। জনগণ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রত্যাখ্যান করেছে। সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে সম্পৃক্ত করে বিএনপির অবস্থান অব্যাহত থাকবে। উল্লেখ্য, শিববাড়ি মোড়ে পুলিশের ক্যাম্প থাকলেও হামলাকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এর আগেও একই মোড়ে ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন দেওয়ার চেষ্টা করেছিল নাশকতাকারীরা।

অপরদিকে খুলনায় নাশকতার পরিকল্পনার অভিযোগে তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বিএনপির নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা। তাদের মধ্যে দুজনকে বৃহস্পতিবার সকালে নগরের লবণচরা এলাকার টেক্সটাইল মিলের সামনে থেকে এবং অন্যজনকে বুধবার (১৮ নভেম্বর) রাতে ইকবালনগর স্কুলের সামনে থেকে আটক করা হয়।

লবণচরা থানা এলাকা থেকে আটক দুজন হলেন বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা কৌশিক ও ইয়াছিন। তাদের বয়স ২১ থেকে ২২ বছরের মধ্যে। অন্যদিকে, ইকবালনগর স্কুলের সামনে থেকে আটক বাদল চক্রবর্তী খুলনা সদর থানার টুটপাড়া এলাকার জোড়াকল বাজারের বাসিন্দা।

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু জানান, নাশকতা ঠেকাতে দলের নেতাকর্মীরা সারারাত বিভিন্ন স্থানে পাহারা দিয়েছেন। বৃহস্পতিবার ভোরে তিনি ও জেলা বিএনপির সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পি রাস্তায় বের হন। এ সময় চারযুবককে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে ধাওয়া দেওয়া হয়। তাদের মধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা চয়ন পালিয়ে গেলেও কৌশিক ও ইয়াছিনকে আটক করা হয়। মন্টুর দাবি, আটক যুবকেরা খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে একটি পরিত্যক্ত বাসে আগুন দিয়ে অন্যত্র নাশকতার পরিকল্পনা করছিলেন। তাদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোনে বিভিন্ন স্থানে আগুন দেওয়ার ভিডিও ফুটেজ পাওয়া গেছে। পরে তাদের পুলিশে হস্তান্তর করা হয়। জেলা বিএনপির সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পি বলেন, সকালে মোটরসাইকেলে করে তারা কুদির বটতলা এলাকায় যান। ফেরার পথে তাদের দেখে একটি মোটরসাইকেল দাঁড়িয়ে পড়ে এবং অন্যটি গলির মধ্যে ঢুকে যায়। জিজ্ঞাসাবাদে আটক দুজন জানান, বটিয়াঘাটার ছাত্রলীগ নেতা চয়নের নেতৃত্বে তারা ওই বাসে আগুন দিয়ে অন্যত্র নাশকতার চেষ্টা করছিলেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, আটক কৌশিক ও ইয়াছিনের আওয়ামী লীগের কোনো দলীয় পদ-পদবি নেই, তবে তারা দলটির সমর্থক। আটক যুবকদের ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলে তেল নিতে তারা লবণচরা এলাকার একটি পেট্রোল পাম্পে এসেছিলেন। সন্দেহ হওয়ায় বিএনপি নেতারা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

এদিকে, বুধবার রাতে ময়লাপোতা ইকবালনগর স্কুলের সামনে থেকে বাদল চক্রবর্তী নামে একজনকে আটক করা হয়। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, নাশকতার চেষ্টার অভিযোগে তাকে আটক করা হয়েছে।

তার কোনো দলীয় পদ-পদবি না থাকলেও তিনি আওয়ামী লীগের সমর্থক।

চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা

চুয়াডাঙ্গার সদর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় চারটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে দুটি বোমা বিস্ফোরিত হয়ে প্রধান ফটক ও সিঁড়ির পাশে আগুন ধরলেও নৈশপ্রহরীর দ্রুত পদক্ষেপ গ্রহণ করায় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ব্যাংকের শাখাটি।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক পৌনে ৩টার দিকে সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের গ্রামীণ ব্যাংকের পদ্মবিলা শাখায় এ ঘটনা ঘটে। একজন নৈশপ্রহরীর নাম পরিচয় গোপন রাখার শর্তে বলেন, দুটি মোটরসাইকেলে করে হেলমেট পরা চার ব্যক্তি ব্যাংকটি লক্ষ্য করে পরপর চারটি পেট্রোল বোমা ছুড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। নিক্ষিপ্ত চারটি বোমার মধ্যে একটি ব্যাংকের প্রধান দরজার সামনে এবং অপরটি সিঁড়ির পাশে বিস্ফোরিত হলে আগুন ধরে যায়; বাকি দুটি বোমা অবিস্ফোরিত অবস্থায় ছিল। এ সময় বাজারের ওই নৈশপ্রহরী দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তার তৎপরতায় আগুন ব্যাংকের ভেতরে ছড়াতে পারেনি এবং ব্যাংকের শাখার কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পদ্মবিলা শাখা ব্যবস্থাপক বিপ্লব ভট্টাচার্য জানান, ব্যাংকের সিসিটিভি ফুটেজে রাত পৌনে ৩টার দিকে কয়েকজন অজ্ঞাত যুবকের চারটি পেট্রোল বোমা নিক্ষেপের দৃশ্য ধারণ হয়েছে। বিস্ফোরণের পর নৈশপ্রহরী দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।

খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, পেট্রোল বোমাজাতীয় বস্তু নিক্ষেপের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ব্যাংক কর্তৃপক্ষ মামলা করলে তা গ্রহণ করা হবে। সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ব্যাংকের পক্ষে থানায় কোনো মামলা করা হয়নি।

সিসিটিভি ফুটেজে হামলার চিত্র পাওয়া গেলেও এখন পর্যন্ত হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা বা ঘটনার পেছনের উদ্দেশ্য জানা যায়নি।

গোপালগঞ্জে এমপির বাড়িতে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম মোল্লার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দুর্বৃত্তরা কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে এই হামলা চালায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দুর্বৃত্তরা সংঘবদ্ধ হয়ে সংসদ সদস্য সেলিমুজ্জামানের বাড়ির সামনে অবস্থান নেয়। এ সময় তারা বাড়িটি লক্ষ্য করে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। একপর্যায়ে বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেশ কিছু লোক মিছিল নিয়ে এমপি সেলিমুজ্জামানের বাড়ির সামনে এসে পেট্রোল বোমা নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এর আগে বুধবার (১৮ নভেম্বর) রাতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের থানাপাড়া এলাকার আরাফ জেনারেল হাসপাতাল ও ক্লিনিকে থাকা ব্যক্তিগত কার্যালয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করে।

পরে ভাঙচুর করা আসবাবপত্র বাইরে বের করে আগুন ধরিয়ে দেওয়া হয়। তার আগের দিন মঙ্গলবার রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর টুঙ্গিপাড়ার বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এ নিয়ে গোপালগঞ্জে বিএনপি থেকে নির্বাচিত তিন সংসদ সদস্যের বাড়ি ও প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে।

এদিকে, বৃহস্পতিবার গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় টহলরত বিজিবি ও র‌্যাবের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে অবরোধকারীরা। তবে এতে কেউ আহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে, গোপালগঞ্জ শহরের পোস্ট অফিস মোড় এলাকায় অবরোধকারীদের একটি মিছিল থেকে ‘এফএনএফ’ নামের একটি সুপারশপে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়।

এ ছাড়া অবরোধকারীরা শহরের বিভিন্ন সড়কে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেয়।

ফকিরহাটে মিল্কভিটা চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) চেয়ারম্যান এস এম আমীর হামজা শাতিলের বাড়ি লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টা ২১ মিনিটে বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের সরকারি মহিলা কলেজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আমীর হামজা শাতিল জানান, ঘটনার সময় তার চাচা ও পরিবারের অন্য সদস্যরা ওই বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুই যুবক বাড়িটি লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।

বোমাগুলো বাড়ির সামনের রাস্তায় বিস্ফোরিত হওয়ায় ঘরবাড়ি বা কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তিনি অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে।

এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নানাভাবে হুমকি দেওয়া হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

স্থানীয় সূত্র জানিয়েছে, বোমা বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পাশাপাশি হামলার একটি সংক্ষিপ্ত ভিডিও ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফকিরহাট মডেল থানার ওসি রজিউল্লাহ খান জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এই নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)