সাতক্ষীরা প্রতিনিধি
কলারোয়ায় ১২ বছর বয়সী বাক্ ও শারীরিক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের দায়ে ইব্রাহিম গাজী (২১) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সাতক্ষীরার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আবুবকর সিদ্দিক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম গাজী কলারোয়া পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের গোপীনাথপুর এলাকার শহর আলীর ছেলে।
মামলার এজাহার ও অভিযোগপত্র সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী জন্ম থেকেই বাক্ ও শারীরিক প্রতিবন্ধী। সে ঠিকমতো হাঁটাচলা করতে পারে না এবং কথা বলতেও অক্ষম। তার মায়ের অন্যত্র বিয়ে হওয়ায় জন্মের পর থেকেই সে নানি আছিয়া বেগমের কাছে গোপীনাথপুরে বসবাস করতো।
ঘটনার দিন গত বছরের ১২ মার্চ সকাল ১০টার দিকে নানি কাপড় ধুয়ে রোদে শুকাতে দিয়ে নাতনিকে খুঁজতে বের হন। একপর্যায়ে বসতবাড়ির উত্তর-পশ্চিম পাশে আবুল হোসেনের বাড়ির সামনের মোড় দিয়ে তিনি আসামি ইব্রাহিম গাজীকে বেরিয়ে আসতে দেখেন। পরে নাতনির কাছে গিয়ে তার পোশাক ভেজা দেখতে পান। স্থানীয়দের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে ইব্রাহিম ধর্ষণের কথা স্বীকার করেন। ওই দিনই স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর নানি আছিয়া বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় কলারোয়া থানায় মামলা করেন। পরবর্তীতে তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।
আদালত সূত্রে জানা গেছে, মামলায় মোট দশজনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসামিকে উল্লিখিত ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আকবর আলী।