খুলনা অফিস
চাঁদা না পেয়ে খুলনার দুটি ব্যবসা প্রতিষ্ঠানে গুলি করে আতঙ্ক সৃষ্টি করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সকালে নগরীর লবণচরা থানা এলাকার একটি তুষকাঠ মিল এবং চানাচুর ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনীপ্রধান হঠাৎ বাজারের তুষকাঠ মিলে চাঁদা দাবি করে আসছে। মালিকপক্ষ তাদের দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করায় শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে মিল লক্ষ্য করে এক রাউন্ড গুলি করে তারা। কিন্তু এতে কেউ হতাহত হয়নি।
এছাড়া, হঠাৎ বাজারের পাশের চানাচুর ফ্যাক্টরির মালিক শামসুর রহমানের কাছে দীর্ঘদিন ধরে ওই বাহিনী মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না পেয়ে বাহিনীর দুই সদস্য শুক্রবার ভোরে ফ্যাক্টরি লক্ষ্য করে এক রাউন্ড গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে।
এ ব্যাপারে লবণচরা থানার ওসি সৈয়দ মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে বলে তিনি জানান।