কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া সদর উপজেলার লাহিনী বটতৈল এলাকায় একটি রহস্যজনক পার্সেল খোলার সময় বোমা বিস্ফোরণে নাসির শেখ (৫০) নামে এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।
আহত ভ্যানচালক নাসির শেখ লাহিনী কর্মকারপাড়া এলাকার বাহের শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ভ্যানচালক জানান, রাতে দুজন অপরিচিত ব্যক্তি নিজেদের গাড়ির চালক পরিচয় দিয়ে ৩০ টাকা ভাড়ায় নাসিরকে একটি ব্যাগভর্তি পার্সেল লাহিনী জোয়ার্দারপাড়ার বাসিন্দা হামিদুল ইসলামের বাড়িতে পৌঁছে দিতে বলেন। পার্সেলটি হামিদুলের বাড়িতে নিয়ে গেলে তিনি সেটি গ্রহণ করতে রাজি হননি। বাধ্য হয়ে নাসির পার্সেলটি নিয়ে পুনরায় লাহিনী বটতৈলা এলাকায় ফিরে আসেন।
সেখানে একটি ফলের দোকানের সামনে স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে কৌতূহলবশত পার্সেলটি খোলেন নাসির। ভেতরে একটি কাঠের বাক্স দেখতে পান তিনি। সেই বাক্সটি খোলার সাথে সাথেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম জানান, স্প্লিন্টার জাতীয় বস্তুর আঘাতে আহতের শরীরের নিম্নাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বোমা বিস্ফোরণে একজন আহত হয়েছেন। পার্সেলটি কারা পাঠিয়েছে বা এই ঘটনার নেপথ্যে কারা আছে, তাদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।