সুবর্ণভূমি ডেস্ক
বাংলাদেশের আট বিভাগের অধস্তন আদালত মনিটরিংয়ে এবার যুক্ত হবেন ১৩ বিচারপতি। এ সংক্রান্ত কমিটি পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি আট বিভাগের জন্য পৃথক ১৩টি ‘মনিটরিং কমিটি ফর সাব-অর্ডিনেট কোর্টস’ গঠন করেছেন। একই সঙ্গে সাচিবিক সহায়তার জন্য বিচার বিভাগীয় ১৩ কর্মকর্তাকেও দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার (২ মে) এই কমিটি পুনর্গঠন হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, পুনর্গঠিত কমিটিতে রয়েছেন বরিশাল বিভাগে বিচারপতি শেখ মো. জাকির হোসেন, রাজশাহী-২ বিভাগে (বগুড়া, জয়পুরহাট, পাবনা ও সিরাজগঞ্জ) বিচারপতি মো. হাবিবুল গনি, ঢাকা-১ বিভাগে (ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী ও টাঙ্গাইল) বিচারপতি জেবিএম হাসান, খুলনা-১ বিভাগে (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর ও নড়াইল) বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া, খুলনা-২ বিভাগে (কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা) বিচারপতি মো. জাফর আহমেদ, ময়মনসিংহ বিভাগে (ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা) বিচারপতি রাজিক আল জলিল, ঢাকা-২ বিভাগে (কিশোরগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর) বিচারপতি ফাতেমা নজীব।
এছাড়া চট্টগ্রাম-১ বিভাগে (চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি) বিচারপতি এসএম কুদ্দুস জামান, রংপুর-১ বিভাগে (রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাট) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার, চট্টগ্রাম-২ বিভাগে (নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর) বিচারপতি আহমেদ সোহেল, রাজশাহী-১ বিভাগে (রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর) বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, রংপুর-২ বিভাগে (দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী) বিচারপতি কেএম হাফিজুল আলম এবং সিলেট বিভাগে (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ) বিচারপতি মো. আতাবুল্লাহকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে ২০২২ সালের ২৭ জানুয়ারি আট বিভাগ মনিটরিংয়ের জন্য আটজন বিচারপতিকে দায়িত্ব দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি। পরে ২০২৩ সালের অক্টোবরে ১৩ জনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এরপর গত বছরের এপ্রিলে কমিটি পুনর্গঠন করা হয়।