শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের কাচিহারানিয়া এলাকায় সবজি ক্ষেতের আড়ালে চাষ করা প্রায় দশ ফুট লম্বা একটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিচালিত এই অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মাদক কারবারি মিলন মন্ডল (৪০) পালিয়ে যান।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলামের নেতৃত্বে একটি দল কাচিহারানিয়া এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে অভিযুক্ত মিলন মন্ডলকে তার সবজি ক্ষেতের ভেতরে একটি বিশালাকৃতির গাঁজা গাছের গোড়ায় পানি দিতে দেখা যায়।
পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তিনি দ্রুত দৌড়ে পালিয়ে গেলে ধাওয়া করেও তাকে আটক করা সম্ভব হয়নি। পরে পুলিশ গাছটি জব্দ করে থানায় নিয়ে আসে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে।
অভিযুক্ত মিলন মন্ডলের বিরুদ্ধে আগে থেকেই থানায় দুটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয়দের মতে, সবজি চাষের আড়ালে এমন কৌশলী মাদক চাষ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তারা সীমান্ত এলাকায় মাদকবিরোধী নজরদারি আরও জোরদার করার দাবি জানিয়েছেন।