স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক অভিযানে সাড়ে চার হাজার পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ইমরান হোসেন নামের এক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১টার দিকে পুলেরহাট-রাজগঞ্জ সড়কের গোয়ালদাহ মাঠপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আটক ইমরান হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছী গ্রামের হবির রহমানের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, গোপন সূত্রে খবর আসে সাতক্ষীরা থেকে বিপুল পরিমাণ মাদক নিয়ে এক ব্যক্তি যশোরের দিকে আসছেন।
তথ্যের ভিত্তিতে ওই সড়কে অবস্থান নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। ইমরান মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহবশত তাকে থামানো হয়।
পরে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাড়ে চার হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য দশ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। এই ঘটনায় অভিযুক্ত ইমরানের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।