মাগুরা প্রতিনিধি
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) সকালে উপজেলার মাশালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওলি মিয়া জানান, মাশালিয়া গ্রামের আব্দুর রশিদ ও আকবর মণ্ডলের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এদিন সকালে আকবর মণ্ডল গ্রামের মাঠে পাটক্ষেত নিড়াতে গেলে প্রতিপক্ষের লোকজন তার ওপর অতর্কিতে হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর অবস্থায় ফেলে রেখে যায়।
পরে স্বজনরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্খলে বর্তমানে পুলিশ মোতায়েন রয়েছে এবং এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।