লোহাগড়া ( নড়াইল) প্রতিনিধি
নাশকতার মামলায় গ্রেপ্তার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ওহিদুর রহমান সরদারকে (৫৩) সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
আগেরদিন গভীররাতে পুলিশ লোহাগড়া শহরের গোপীনাথপুর এলাকার নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
ওহিদুর রহমান সরদার উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের হাতেম সরদারের ছেলে এবং দলের ওই ইউনিয়ন কমিটির সভাপতি।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার এসআই তারেক ও এএসআই কবির আহম্মদের নেতৃত্বে একদল পুলিশ গোপীনাথপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, বিগত ২০২৪ সালে ৯ ডিসেম্বর লোহাগড়া থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা ইজাজুর রহমান বাবু বাদী হয়ে একটি নাশকতার মামলা দায়ের করেন। মামলা নং-১১। পুলিশ ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে।
উল্লেখ্য, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গত রোববার বিকেলে রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কালনা-নড়াইল-যশোর জাতীয় মহাসড়কে মিছিল করে। এরপরই পুলিশ ওই দলের নেতা-কর্মীদের গ্রেপ্তারে অভিযান জোরদার করে।