জেলে নিহতের জের:
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সুন্দরবনে জেলে নিহতের ঘটনাকে কেন্দ্র করে সাতক্ষীরা রেঞ্জের বন সংরক্ষক কর্মকর্তার কার্যালয় ও বুড়িগোয়ালিনী স্টেশন অফিসে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। ক্ষুব্ধ জেলে ও স্থানীয়রা অফিসের লোহার গ্রিল খুলে ফেলাসহ জানালার গ্লাস ভেঙে চুরমার করেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন ফরেস্ট গার্ড আহত হয়েছেন।
সোমবার (১৮ মে) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বুড়িগোয়ালিনী এলাকায় এ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয় সূত্র জানায়, গাবুরা ও বুড়িগোয়ালিনী এলাকার কয়েকশ’ জেলে ও স্থানীয় বাসিন্দা বিক্ষোভ মিছিল নিয়ে সাতক্ষীরা রেঞ্জ অফিসের সামনে জড়ো হন। একপর্যায়ে তারা বনবিভাগের কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর শুরু করে। বিক্ষুব্ধ জনতা অফিসের লোহার গ্রিল খুলে ফেলে এবং জানালার গ্লাস ভেঙে তছনছ করে দেয়।
এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। হামলা ও সংঘর্ষে পাঁচজন ফরেস্ট গার্ড আহত হলে তাদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরে স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ ও বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় বাসিন্দা শামিম হোসাইন জানান, ঘটনাস্থলে এখন বিজিবি ও পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে এবং পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এদিকে নিহত জেলে আমিনুর রহমান গাজীর মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার প্রস্তুতি নিলেও এতে বাধা দেন পরিবারের সদস্য ও স্বজনরা। তাদের দাবি, বিনা কারণে গুলিতে নিহত হওয়া আমিনুরের মরদেহ তারা ময়নাতদন্ত ছাড়াই দাফন করতে চান। এ ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে পরিবারের সদস্যদের বাকবিতণ্ডার সৃষ্টি হয়।
ঘটনার বিষয়ে খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) ইমরান আহমেদ বলেন, সাতক্ষীরা রেঞ্জ অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। হামলাকারীদের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে এ বিষয়ে শ্যামনগর থানা পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।