লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলায় ঘুড়ি ওড়ানোকে কেন্দ্র করে মোল্যা গ্রুপ ও মুন্সি গ্রুপের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত দশ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) রাত ১২টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে এই অভিনব সংঘর্ষের ঘটনা ঘটে। অন্ধকার রাতে প্রতিদ্বন্দ্বী দুটি পক্ষ হাতে টর্চলাইট জ্বালিয়ে এই সংঘর্ষে লিপ্ত হয়। লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
সংঘর্ষে উভয় পক্ষের আহত ব্যক্তিরা হলেন, মুন্সি গ্রুপের মিজানুর মুন্সি (৫০), ইজাজুল মুন্সি (৩৮), আজিজুল মুন্সি (৪২), হানিফ সরদার (৩৫), খাজা সরদার (৬০) ও আজাদ সরদার।
এছাড়া মোল্যা গ্রুপের রবিউল ইসলাম (৩৫), বাচ্চু মোল্যা (৫০), রাফেজা বেগম (৫৫) ও সাইদুর সরদার (৩৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে ঘুড়ি ওড়ানোকে কেন্দ্র করে গত প্রায় এক সপ্তাহ ধরে মোল্যা গ্রুপ ও মুন্সি গ্রুপের মধ্যে চরম বিরোধ চলে আসছিল।
তারই জের ধরে বৃহস্পতিবার মধ্যরাতে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাত হওয়ায় দুপক্ষই টর্চলাইট জ্বালিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে দুই গ্রুপের ১০ জন আহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ‘খবর পাওয়ার পরপরই আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। বর্তমানে ওই এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই সহিংসতার সাথে জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।’