খুলনা অফিস
খুলনার বহুল আলোচিত দুই শিশু ও নানি হত্যা মামলার প্রধান আসামি রফিক হাওলাদারকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। বরিশাল জেলা সদরের কাশিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে শুক্রবার (৫ জুন) দুপুরে তাকে খুলনা সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও সোনাডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ মন্ডল। গ্রেপ্তারকৃত ট্রাকচালক রফিক খুলনার দৌলতপুর থানা এলাকার বাসিন্দা মো. আলমগীর হাওলাদারের ছেলে।
র্যাব-৬ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল শুক্রবার সকালে বরিশাল জেলা সদরের কাশিপুর এলাকায় অভিযান চালায়। সেখানে উন্নত প্রযুক্তি ব্যবহার করে আত্মগোপনে থাকা রফিককে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা সোনাডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ মন্ডল বলেন, "শুক্রবার দুপুরে র্যাব সদস্যরা আসামি রফিকুল হাওলাদারকে থানায় হস্তান্তর করেছেন। বর্তমানে তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে। একই সঙ্গে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে তার স্ত্রী ফাতেমা বেগম মেরিকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"
প্রসঙ্গ, গত ২৯ মে সন্ধ্যায় সোনাডাঙ্গা মডেল থানার দারুল আমান মসজিদ রোড এলাকার একটি ভাড়া বাড়ি থেকে বেবী বেগম (নানি) এবং তার দুই নাতি শামীম ও মুস্তাকিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। নৃশংস এই হত্যাকাণ্ডের পর থেকেই দুই শিশুর সৎ বাবা রফিকুল হাওলাদার পলাতক ছিলেন। এতে শুরু থেকেই সন্দেহের তীর তার দিকেই ছিল। ঘটনার সাত দিনের মাথায় র্যাবের জালে ধরা পড়লেন এই প্রধান অভিযুক্ত।