স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, টু-পিস, কম্বল ও কসমেটিক্স সামগ্রীসহ বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৮ জুন) যশোর ৪৯ বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ভারতীয় ৯টি শাড়ি, ১টি টু-পিস, ২টি কম্বল এবং ১৬টি কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।
জব্দ এসব মালামালের মূল্য ১ লাখ ২০০ টাকা।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনার অংশ হিসেবে এ সাফল্য অর্জিত হয়েছে।
বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্য পাচার রোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এর ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান দমনে বিজিবির অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে চলমান থাকবে।