কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তারের পর বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
এর আগে একই আইনে কালীগঞ্জ পৌর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বিজুসহ ১১ জনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানার এসআই মনিরুজ্জামান বাদী হয়ে একটি মামলা করেন।
এই মামলায় গ্রেপ্তার আসামিরা হলেন, মো. মোস্তাক আহম্মেদ লাভলু, মালিয়াট ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. কাবিরুল ইসলাম নান্নু, পৌর শ্রমিকদলের সাবেক সহসাধারণ সম্পাদক নওশের আলী, শ্রমিকলীগের সদস্য মো. আশরাফুল শেখ, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক শেখ সৌরভ ওরফে সাদ্দাম, মাসুদ আলী, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাবেক অর্থবিষয়ক সম্পাদক মো. সবুজ হোসেন এবং ত্রিলোচনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. সাইদুর রহমান।
এর আগে মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজুর আড়পাড়ার বাড়িতে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হওয়ার খবরে পুলিশ অভিযান চালায়। সেসময় নেতাকর্মী ও পরিবারের সদস্যদের বাধার মুখে বিজু পালিয়ে যেতে সক্ষম হন বলে গণমাধ্যমে খবর আসে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখ করে ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাত রেখে একটি মামলা করা হয়। ওই মামলায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।