যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ব্যাংক কর্মকর্তার ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে যুবক আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ২৪ জুন,২০২৬, ০৮:২৬ পিএম
আপডেট : বুধবার, ২৪ জুন,২০২৬, ০৯:০৯ পিএম
ব্যাংক কর্মকর্তার ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে যুবক আটক

যশোর শহরের চাঁচড়া এলাকায় চেতনানাশক স্প্রে ব্যবহার করে এক ব্যাংক কর্মকর্তার কাছ থেকে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এনামুল শেখ নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) মধ্যরাতে ঢাকার কামরাঙ্গীরচর রসুলপুর বালুরমাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক এনামুল বাগেরহাট সদর উপজেলার নুনাডাঙা গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি ঢাকার কামরাঙ্গীরচরে ভাড়া বাসায় থাকতেন।

বুধবার বিকেলে তাকে যশোর আদালতে সোপর্দ করা হলে এনামুল ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে আদালতে জবানবন্দী দেন। জবানবন্দী গ্রহণ শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. খলিলুর রহমান (৩৮) কৃষি ব্যাংকের মণিরামপুরের খেদাপাড়া শাখার ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন। তিনি মণিরামপুর উপজেলার বিগড়কোনা গ্রামের বাসিন্দা এবং বর্তমানে যশোর শহরের ফায়ার সার্ভিস অফিসের পশ্চিম পাশে বসবাস করেন।

গত ১৯ জানুয়ারি দুপুর একটার দিকে কৃষি ব্যাংকের খেদাপাড়া শাখা থেকে ব্যক্তিগত প্রয়োজনে ১২ লাখ টাকা উত্তোলন করেন খলিলুর রহমান। পরে ওই টাকা একটি কালো হাতব্যাগে রেখে মোটরসাইকেলে যশোরের উদ্দেশ্যে রওনা দেন।

পথে দুপুর ১টা ২০ মিনিটের দিকে একটি মোবাইল নম্বর থেকে তার ব্যবহৃত ফোনে কল আসে। তিনি নিজেকে ব্যাংকে টাকা জমা দিতে আগ্রহী গ্রাহক পরিচয় দিয়ে তার সঙ্গে কথা বলতে চান। তখন খলিলুর রহমান যশোরের চাঁচড়া কাঁচাবাজার এলাকায় দেখা করার কথা বলেন।

দুপুর ১টা ৪০ মিনিটের দিকে তিনি চাঁচড়া কাঁচাবাজার এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা ২/৩ জন তার কাছে যান। একপর্যায়ে একজন তার সঙ্গে করমর্দন করে এবং কথা বলতে থাকে। এ সময় তার নাক-মুখের সামনে হাত এনে কোনো চেতনানাশক স্প্রে প্রয়োগ করা হয়। এতে তিনি ধীরে ধীরে অসংলগ্ন ও অস্বাভাবিক অনুভব করতে থাকেন। কিছুক্ষণ পর তিনি স্বাভাবিক হয়ে দেখেন, তার ব্যাগের চেইন খোলা এবং ব্যাগে থাকা ১২ লাখ টাকা নেই।

এ ঘটনায় পরদিন ২০ জানুয়ারি কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত করে ডিবি পুলিশ। পরে এনামুলের অবস্থান শনাক্ত করে মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)