স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর সদরের দেয়াপাড়া গ্রামের কৃষক প্রহ্লাদ সাহার বাড়িতে দস্যুতার ঘটনায় চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই আলমগীর হোসেন।
অভিযুক্ত আসামিরা হলো, সদর উপজেলার ঘোপ গ্রামের নওশের লস্কর মনুর ছেলে লিটন লস্কর, ভায়না গ্রামের সুবল চৌধুরীর ছেলে সুজয় কুমার চৌধুরী, সালিয়াট গ্রামের আলতাফ হোসেনের ছেলে ইমলাক হোসেন ও মৃত সুলতান মন্ডলের ছেলে সুমন মন্ডল।
মামলায় উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১১ আগস্ট গভীর রাতে প্রহ্লাদ সাহার স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এসময় তেঁতুলগোলা খাওয়ানোর পর তিনি কিছুটা সুস্থ হন। এর মধ্যে সকলে ঘুমিয়ে পড়লে আসামিরা ঘরে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে ১১ ভরি সোনার গহনা, নগদ ২ লাখ টাকা, মোবাইল ফোন ও দামি জিনিসপত্র নিয়ে যায়।
এ ঘটনায় প্রহ্লাদ সাহা ২৬ আগস্ট কোতোয়ালি থানায় মামলা করেন। এ মামলা তদন্তকালে আসামিদের আটক ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। তদন্ত শেষে আসামিদের দেওয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকায় ওই চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়।
চার্জশিটে অভিযুক্ত চার আসামিকে আটক দেখানো হয়েছে।