খুলনা অফিস
খুলনার রূপসায় প্রতিপক্ষের হামলায় হাসান ওরফে বিহারি হাসান (৬৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় রুবেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। নিহত হাসান উপজেলার জাবুসা গ্রামের মৃত সিরমান শেখের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ৪-৫ দিন আগে হাসান বিহারির বাড়িতে ভ্যানযোগে কয়েকজন মেহমান আসেন। ভ্যানচালকসহ মেহমানরা বাড়ির ভেতর অবস্থানের কিছুক্ষণ পর ওই ভ্যানটি চুরি হয়ে যায়। এই চুরির ঘটনায় সন্দেহভাজন হিসেবে হাসান একই এলাকার রাশেদ শেখ ওরফে অক্ষে বিহারি নামে একজনের নাম প্রকাশ করেন।
এরই জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় হাসান স্থানীয় চৌরাস্তার মোড়ে অবস্থানকালে রাশেদসহ ৪-৫ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করার পর স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়। কিন্তু ঢাকা নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ছাড়া মামলা দায়েরের জন্য নিহত হাসানের ভাই হোসেনকে থানায় আসতে বলা হয়েছে। মামলা দায়েরের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।