স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের অভয়নগরে মনির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে মারাত্মক জখম করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট মোড়ে এ ঘটনা ঘটে।
আহত মনির হোসেন উপজেলার মশাটি গ্রামের (পৌরসভার দুই নম্বর ওয়ার্ড) মুরাদ আলি খাঁর ছেলে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (০২ জুলাই) মনির হোসেন স্থানীয় বাজার থেকে কাজ শেষ করে তার বাড়ি ফিরছিলেন। ভাঙাগেট মোড়ে পৌছালে অজ্ঞাতনামা ব্যক্তিরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় দুর্বৃত্তরা ধারালো দা দিয়ে তার দুই পা এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে তাকে ফেলে রেখে যায়।
তার চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় শুক্রবার ভোরে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের সার্জারি বিভাগের ডাক্তার ইমন হোসেন জানান, আহতের পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে।