নড়াইল প্রতিনিধি
শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে নড়াইলে মোস্তফা কাজী (৬৫) নামে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মহারাগ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোস্তফা কাজী পলাইডাঙ্গা গ্রামের মৃত আলমাস কাজীর ছেলে। কয়েক বছর আগে তিনি নিজ গ্রাম ছেড়ে মহারাগ গ্রামে বাড়ি নির্মাণ করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু।
স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (২৯ জুন) বিকেলে ভদ্রবিলা বাজারসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামরির ঘটনা ঘটে।
পলাইডাঙ্গা ও মহারাগ গ্রামের কয়েক কিশোরের মধ্যে এই মারামারি হয়।
ওই বিরোধ মীমাংসার জন্য বৃহস্পতিবার স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। শুক্রবারও (৩ জুলাই) এ বিষয়ে আরেকটি সালিশ হওয়ার কথা ছিল।
এরই মধ্যে শুক্রবার বিকেলে বাজার থেকে কেনাকাটা করে বাড়িতে জিনিসপত্র রেখে আবার ভদ্রবিলা বাজারে যাওয়ার পথে মোস্তফা কাজীর ওপর হামলা চালায় কয়েকজন।
এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুণ্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শণাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।’