নড়াইল প্রতিনিধি
নড়াইলে চোর সন্দেহে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের পর নিহত প্রতিবন্ধী যুবক আনোয়ার মোল্যা হত্যা মামলার আসামি আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) ভোরে যশোর জেলার নারকেলবাড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আসামি আকাশ বিশ্বাস (২৫) নড়াইল সদর উপজেলার গোবরা মালোপাড়ার প্রভাষ বিশ্বাসের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের সরকেলডাঙ্গা গ্রামের কাওছার উদ্দিন মোল্যার ছেলে বুদ্ধিপ্রতিবন্ধী আনোয়ার মোল্যা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আট দিন চিকিৎসাধীন থাকার পর গত ২ জুলাই সকালে মারা যান। ওই দিন বিকেলে মরদেহ বাড়িতে পৌঁছালে সন্ধ্যায় স্থানীয় মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
এদিকে, এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারসহ দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে শাস্তির দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে বাঁশগ্রাম বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে নিহতের বাড়ির সন্নিকটে সরকেলডাঙ্গা মাদ্রাসার সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন নিহতের স্বজন ও স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে গত ২৪ জুন সকালে বুদ্ধিপ্রতিবন্ধী আনোয়ার বাড়ি থেকে বের হন। পরিবারের সদস্যরা বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। ওই দিন রাতে সদর উপজেলার গোবরা মালোপাড়ায় আনোয়ারকে চোর সন্দেহে কয়েকজন দুর্বৃত্ত গাছের সঙ্গে বেঁধে ভোররাত পর্যন্ত অমানবিক নির্যাতন ও মারধর করে। পরদিন ২৫ জুন সকালে খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশ আনোয়ারকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করে। পরিবারের সদস্যরা খবর পেয়ে হাসপাতালে ছুটে যান এবং তাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান।
আনোয়ারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২ জুলাই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত প্রতিবন্ধী আনোয়ারের ভাই নবীর হোসেন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে নড়াইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আকাশকে যশোর জেলার নারকেলবাড়িয়ায় তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। আকাশ পুলিশের উপস্থিতি টের পেয়ে খাটের নিচে লুকিয়ে ছিলেন। গ্রেপ্তার আকাশ প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার ৪ নম্বর এজাহারনামীয় আসামি। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।