স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের মণিরামপুরে আওয়ামী লীগনেতা আশরাফুল ইসলাম হত্যামামলায় পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ।
মামলার তদন্ত শেষে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক কামাল হোসেন আদালতে এই চার্জশিট জমা দিয়েছেন।
অভিযুক্ত আসামিরা হলো, মণিরামপুরের ইছানী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মনিবুর রহমান সবুজ ও কামরুজ্জামান মিলন, সাখাওয়াত হোসেনের ছেলে কামাল হোসেন, বজলুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান টগর এবং আবুল কাশেমের ছেলে রায়হান।
মামলার বিবরণে জানা গেছে, আশরাফুল ইসলাম মোবারকপুর গ্রামের আজাহার মাস্টারের ছেলে। তিনি চালুয়াহাটি ইউনিয়নের ১ নম্বর (মোবারকপুর) ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন। আসামিরা প্রায় সময় রাজনৈতিক বিরোধের জেরে আশরাফুলকে খুন-জখমের হুমকি দিতো।
২০২৫ সালের ৩০ আগস্ট রাতে আশরাফুল রাজগঞ্জ বাজারে আতাউর রহমান আতার চায়ের দোকানে বসেছিলেন। এ সময় কয়েকজন অপরিচিত লোক দোকানে ঢুকে আশরাফুলকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। তখন দোকানে থাকা শাহীন তারেক বাধা দিলে হামলাকারীরা তাকেও কুপিয়ে জখম করে। আশরাফুল ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত শাহীন তারেককে প্রথমে যশোর ও পরে ঢাকায় রেফার করা হয়।
এই ঘটনায় নিহতের ভাই রেজাউল করিম বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে মণিরামপুর থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার তদন্তকালে সবুজকে আটক করা হয় এবং তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। দীর্ঘ তদন্ত শেষে আটক আসামিদের দেওয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ওই পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা। চার্জশিটভুক্ত আসামি টগর, মিলন ও রায়হান পলাতক রয়েছে।