ঝিনাইদহ প্রতিনিধি
ডাকবাংলা বাজারে চুরির অপবাদ দিয়ে এক শিশুকে পিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার দুপুরে স্থানীয় দোকানি ও লোকজন শিশুটিকে দড়ি দিয়ে বেঁধে কাঠ দিয়ে পেটাচ্ছে- এমন একটি ভিডিও শনিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
পরে স্থানীয়দের মাধ্যমে জানা যায়, শিশুটির নাম সাজু (১৪)। সে পাশের মাগুরাপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।
ভিডিওতে দেখা যায়, টিশার্ট ও হাফপ্যান্ট পরিহিত শিশুটির দুই পায়ের মধ্যে কাঠ দিয়ে দুই হাত ও দুই পা দড়ি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করা হচ্ছে । এতে শিশুটি প্রায় অচেতন হয়ে পড়ে আছে। আর তাকে ঘিরে দাঁড়িয়ে আছে জনতা। তারা শিশুটির পেটানোর দৃশ্য মোবাইল দিয়ে ধারণ করছে।
স্থানীয়দের দাবি, শুক্রবার দুপুরে ডাকবাংলা বাজার-সংলগ্ন একটি বাড়িতে চুরির সময় তাকে আটক করা হয়। সেসময় জুমার নামাজের আগে ডাকবাংলা মেইন বাসস্টান্ডে এনে বেঁধে পেটানো হয় তাকে। আগেও তাকে মারপিট করা হয় বলে জানান স্থানীয়রা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলছেন, ওই ছেলেটি মাঝে মধ্যেই চুরি করতো। কখনও মোবাইল, কখনও অন্যান্য জিনিস। তবে, এভাবে মারপিট ও বেঁধে রাখা উচিত হয়নি।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, এভাবে বেঁধে মারপিট ঠিক হয়নি। কেউ অপরাধ করলে তার জন্য আইন আছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়টি পুলিশ সুপারও দেখছেন কারা এর সাথে জড়িত। বর্তমানে শিশুটি পরিবারের জিম্মায় রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।