অভয়নগর (যশোর) প্রতিনিধি
পানিবন্দী দুইশ’ পরিবারের বাড়ি গিয়ে তাদের খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন যশোরের অভয়নগর উপজেলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু। শুক্রবার (১০ জুলাই) রাত ৯টা থেকে প্রেমবাগ ইউনিয়নের চেঙ্গুটিয়া, উড়োতলা ও মহাজেরপাড়া গ্রামের পানিবন্দি এসব পরিবারের জন্য সহায়তা দেন তিনি।
প্রায় দুইমাস ধরে পানিবন্দী অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন ওই এলাকার তিন শতাধিক পরিবার। জলাবদ্ধতায় তিন গ্রামের সহস্রাধিক মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। তাদের মধ্যে খাদ্যসংকট দেখা দিয়েছে।
সহায়তা দেওয়ার সময় অন্যান্যের মধ্যে প্রেমবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জসিম উদ্দীন খোকন, ইউনিয়ন বিএনপি সভাপতি রেজাউল করিম রেজা, বসুন্ধরা শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠের প্রতিনিধি এস জেড মাসুদ তাজ উপস্থিত ছিলেন।
প্রেমবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জসিম উদ্দীন খোকন বলেন, যশোর রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) নির্মাণের জন্য বিল ভরাট করা হয়েছে। ফলে পানি নিষ্কাশনের সব পথ বন্ধ হয়ে গেছে। সেই সঙ্গে টানা বৃষ্টি ও তিনটি শিল্পপ্রতিষ্ঠানের পানি যুক্ত হয়ে চেঙ্গুটিয়া, উড়োতলা ও মহাজেরপাড়া গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গত দুই মাসে সৃষ্ট জলাবদ্ধতায় তিন শতাধিক পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে।

শুক্রবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু হাঁটু সমান পানিতে নেমে সেইসব পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন।
চেঙ্গুটিয়া গ্রামের বৃদ্ধ রজব আলী, রমজান মোল্যা, করিম শেখ বলেন, দুই মাস ধরে রাস্তা, ঘর ও বারান্দায় হাঁটুসমান পানি জমে আছে। জলাবদ্ধতার কারণে কাজে যেতে না পারায় পরিবারে খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। রাতে ইউএনও সাহেব বাড়ি এসে এক বস্তা খাবার দিয়ে গেছেন। দুই মাসের মধ্যে এই প্রথম খাদ্যসহায়তা পেয়েছেন বলে জানান তারা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, রাতে পানিবন্দী এলাকার দুইশ’ পরিবারের জন্য খাদ্যসহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। প্রত্যেক পরিবারের জন্য দশ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক কেজি মুসুর ডাল, আধা কেজি তেল, এক প্যাকেট বিস্কুট ও এক প্যাকেট মশার কয়েল দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও নওয়াপাড়া পৌরসভার পক্ষ থেকে এই খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসন ও ইপিজেড কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।